এরশাদকে বাদ দিয়ে এমপি হতে হাই কোর্টে জাসদ নেতা
তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন জাসদ নেতা সাব্বির চৌধুরী।
৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৩ আসেন এরশাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সাব্বিরের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার সনদ ও সম্পদের বিষয়ে তথ্য গোপন করেছেন এরশাদ।
গত মাসে করা জাসদ নেতার রিট আবেদনটি শুনানির জন্য সোমবার এলে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ কার্যতালিকা থেকে বাদ দেয়।
এখন এই আবেদন নিয়ে বাদী সাব্বির অন্য কোনো আদালতে যেতে পারবেন বলে আইনজীবীরা জানিয়েছেন।
ভোট বয়কটের ঘোষণা দিয়ে নাটকীয় অসুস্থতার পর হাসপাতালে থাকা অবস্থায়ই বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে জয়ী হন এরশাদ। তবে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলেও ‘বিধিসম্মত’ হয়নি বলে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।
এরপর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বও নেন এরশাদ। তার দল বসে সংসদে বিরোধী দলের আসনে, তবে দুজন আবার মন্ত্রিত্বও নেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদের নেতা সাব্বির রংপুর-৩ আসনে এরশাদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে তাকে সংসদ সদস্য ঘোষণার আবেদন জানিয়েছেন আদালতে।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিবাদী করা হয়েছে।
এরশাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সনদের প্রমাণ হাজিরে কেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও এরশাদকে এবং বিএ পরীক্ষার সনদের প্রমাণ হাজিরে ঢাবির রেজিস্ট্রার ও এরশাদকে নির্দেশ দেয়া হবে না, সেই রুলও চেয়েছেন তিনি।
সনদের প্রমাণ হাজিরে ব্যর্থ হলে গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এরশাদকে সাংসদ ঘোষণা করে দেওয়া গেজেট বাতিলে কেন প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হবে না, সেই রুল চেয়েছেন সাব্বির।
অর্থ পাচারের অভিযোগে এরশাদের বিরুদ্ধে ১৯৯৫ সালে দায়ের করা দুর্নীতি দমন ব্যুরোর মামলা পুনরায় সচল এবং পুনঃতদন্তে আদালতের নির্দেশনা চাওয়া হয় রিট আবেদনে।
হলফনামায় সম্পদের তথ্য গোপন ও ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগও আনা হয় এরশাদের বিরুদ্ধে।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভিন্ন পদে থেকে গ্রহণ করা সব সুবিধা ফেরতে এরশাদকে নির্দেশনা দিতেও আদালতের কাছে আর্জি জানান সাব্বির।
