২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আ. লীগের সম্মেলনে মারামারির পর অবরোধ

দীর্ঘ এক দশক পর নোয়াখালীতে আওয়ামী লীগের সম্মেলনে মারামারির পর এক পক্ষের অবরোধে সাড়ে ৫ ঘণ্টা জেলা সদরের সঙ্গে সব এলাকার সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের বর্জনের মধ্যে শনিবারের এই সম্মেলনে আগের কমিটির সভাপতি খায়রুল আনাম সেলিম এবং সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।

সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর) আসনের সংসদ সদস্য একরাম এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য কিরণের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই হাতাহাতির পর কিরণ কাউন্সিল অধিবেশন বর্জনের ঘোষণা দিলে তার সমর্থকরা দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় সড়ক অবরোধ করে।

এতে নোয়াখালী জেলা শহরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার দূর পাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে দূরগামী যাত্রীরা।

কিরণ সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিকাল সাড়ে ৫টায় পুলিশ তাদের তুলে দেওয়ার পর যান চলাচল পুনরায় শুরু হয়।  

জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর কথায় অবরোধকারীরা সড়ক ছাড়ে।”

এদিকে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে চলার জন্য তার জেলার দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

“আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়। আমাদের আপন ঘরে যেন শত্রুতা না হয়। শত্রুতা করে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবেন না।”

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে এবং আন্দোলনে আওয়ামী লীগের কাছে একটা ‘শিশু’ ছাড়া আর কিছুই নয়।

“ভুলের পর ভুল করে ভুলের মাশুল দিতে গিয়ে বিএনপি কূল হারিয়ে ফেলেছে। ভুলের কারণে পথহরা পথিকের মতো দিশেহারা অবস্থা তাদের। এখন বিএনপির রাজনীতি অভিযোগ আর নালিশনির্ভর হয়ে পড়েছে। বিদেশিদের কাছে তাদের নালিশ আর এবং দেশের অভ্যন্তরে অভিযোগের পর অভিযোগ।”

জিলা স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানের পর বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন বসে।

এতে সভাপতি পদে খায়রুল আনাম এবং সাধারণ সম্পাদক পদে একরাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দিতায় পুনর্নির্বাচিত হন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

পুরনো খবর:

পটুয়াখালীতে আ. লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি