পটুয়াখালীতে আ. লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের চেয়ার ছোড়াছুড়িতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার জেলা শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে আয়োজিত সম্মেলন স্থলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কামাল হোসেন, সিদ্দিকুর রহমান, শুভ, আমিনুল ইসলাম ও কবির হোসেন। তাদের পটুয়াখালী জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা সম্মেলনস্থলে বসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল শ্লোগান দিতে দিতে মঞ্চের দিকে আসছিল।
ওই সময় প্রতিদ্বন্দী দুদলের মধ্যে কথাকাটাকাটি থেকে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ কারণে প্রায় ২০ মিনিট প্রথম অধিবেশনের অনুষ্ঠান বন্ধ ছিল।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আলীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
