সমাজতন্ত্রকে জীবনের পাতায় আনতে হবে: ইনু
সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার রাজধানীতে দলের প্রয়াত এক নেতার স্মরণসভায় একথা বলেন সম্প্রতি হজ করে আসা সরকারের শরিক দলের এই নেতা।
তথ্যমন্ত্রী ইনু বলেন, জাসদ শ্রমিক-কৃষক, দরিদ্র জনগোষ্ঠী ও নারীর ন্যায্য অধিকার আদায়ের পক্ষে। জিয়া-এরশাদ সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে ছিঁড়ে ফেলেছিলেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার সংবিধানে সমাজতন্ত্রকে ফিরিয়ে এনেছে। এখন সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় নিয়ে আসতে হবে আমাদের।”
স্বাধীনতার পর সিরাজুল আলম খানের নেতৃত্বে মুক্তিযুদ্ধপূর্ব ছাত্রলীগের বিপ্লবী ধারাটি জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ স্লোগান নিয়ে তারা বিপ্লবের ডাক দেয়।
মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ছিলেন জাসদের শীর্ষ নেতাদের একজন। মুক্তিযুদ্ধের আগে ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব ও ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজও ছিলেন জাসদ গঠনকারীদের মধ্যে। ওই সময় হাসানুল হক ইনুও জাসদের নেতা ছিলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারে রয়েছে। দলটির সভাপতি হাসানুল হক ইনু তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
শুক্রবার বিকেলে গুলিস্তানে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শ্রমিক নেতা ফিরোজ উদ্দিন আহমেদের স্মরণসভার আয়োজন করে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ।
স্মরণসভায় ইনু বলেন, “দেশের সংবিধান শ্রমিক-কৃষক, দরিদ্র জনগোষ্ঠী ও নারীর ন্যায্য অধিকারের পক্ষে। আইন তাদের পক্ষে। এবং অতীতের যেকোন সরকারের চাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি শ্রমিক-কৃষকদরদী।
“সেজন্য ট্রেড ইউনিয়নের মাধ্যমে মালিকের সাথে আলোচনা করে ন্যায্য হিস্সা আদায় করার এটিই সর্বোত্তম সময়।”
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে শ্রমিক ঐক্য ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের মহাশত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, শ্রমিক-কৃষক আন্দোলন এগিয়ে নিতে জঙ্গিবাদ-মৌলবাদ-সাম্প্রদায়িকতা মোকাবিলায় জামাতি-হেফাজতিদের ফতোয়াবাজি থেকে মুক্ত থাকতে হবে।
জাতীয় শ্রমিক জোটের সভাপতি সংসদ সদস্য শিরীন আখতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্কপ নেতা জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, প্রয়াত শ্রমিক নেতা ফিরোজ উদ্দিন আহমেদের স্ত্রী আছিয়া বেগম, স্কপ নেতা বাংলাদেশ লেবার ফেডারেশন এর সভাপতি শাহ মো. আবু জাফর।
