২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বিক্ষোভ করবে বিএনপি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে রোববার রাজধানীতে থানায় থানায় এবং সারাদেশের জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 12:32 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সোহরাওয়ার্দি উদ্যানে আমাদের সমাবেশ করতে দেয়নি, আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে কাল রোববার ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এই সংবাদ ব্রিফিং করার কথা থাকলেও শুরু হয় ১২টার দিকে।

৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৯ অক্টোবর পিডব্লিউডি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি।

পরে ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ফের চিঠি দেওয়া হয়।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল।

অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইনডোরে কোনো কর্মসূচি পালন করতে চাইলে বিএনপিকে তা করতে দেওয়া হবে।

ব্রিফিংয়ে বিএনপির মহানগর কমিটির আহ্বায় মির্জা আব্বাস বলেন, “সরকারকে আহ্বান জানাবো, এ ধরনের আচরণ আপনারা ভবিষ্যতে করবেন না। সরকার যদি এভাবে একের পর এক আমাদের অহিংস কর্মসূচিতে বাধা দিতে থাকে, তাহলে একদিন বাঁধ ভেঙে যাবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, এবিএম মোশাররফ হোসেন, ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসাইন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, হাফেজ আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

অনুমতি পায়নি বিএনপি