অনুমতি পায়নি বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে তিনি বলেন, “বিএনপি যদি ইনডোর কর্মসূচি পালন করতে চায় সেক্ষেত্রে তাদের নিরাপত্তা দেওয়া হবে।”
গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় বিএনপি।
এর দুইদিন পর ২৯ অক্টোবর ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ফের চিঠি দেওয়া হয়।
ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল।
সমাবেশে অনুমতি না পাওয়ায় শনিবার সকালে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত তা শুরু হয়নি।
শনিবার বেলা ১১টায় ওই সংবাদ সম্মেলন শুরুর কথা ছিল।
