সমাবেশের অনুমতি না মেলায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদনের নয় দিন পরেও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
শনিবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, “এখন বাজে রাত ১০টা। এখনো কোনো অনুমতিপত্র আমরা পাইনি। কাল ১১টার সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব পরবর্তী করণীয় জানাবেন।”
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। এর দুইদিন পর ২৯ অক্টোবর ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ফের চিঠি দেওয়া হয়।
এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
অনুমতির জন্য বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বেইলি রোডের কার্যালয়ে যান দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও মহানগর কমিটির উপদেষ্টা আবদুস সালাম। দুই ঘণ্টা অপেক্ষা করেও কাউকে না পেয়ে ফিরে আসেন তারা।
এ পরিস্থিতিতে সমাবেশ নিয়ে রাত সাড়ে ৮টায় মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।
ওই বৈঠকে মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
বৈঠকের পর শনিবার সকালে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়া হয়।
