সমাবেশে জনতার ঢল নামানোর ঘোষণা আব্বাসের
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ব্যাপক লোক সমাগম ঘটানোর ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
মঙ্গলবার মহানগর কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, “৮ নভেম্বরের জনসভাটি হবে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। সেদিন জনগণের ঢল নামিয়ে আমরাই আমাদের অতীত রেকর্ড ভাঙবো। ঢাকা জনসমুদ্রে পরিণত হবে।”
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে দুপুরে এই বৈঠক হয়। বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের আয়োজন নিয়ে আলোচনা হয়।
ফাইল ছবি
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
বিএনপি এই দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে প্রথমে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হলেও পরে তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর করতে আবেদন করেছে বিএনপি।
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “চোরের মার বড় গলা। আওয়ামী লীগের ওপর থেকে নিচ পর্যন্ত নেতারা যেভাবে মিথ্যা বক্তব্য দেন, তাদের সঙ্গে আমরা পারবো না। তবে আওয়ামী লীগ আমাদের (বিএনপি) সঙ্গে আন্দোলনে পারবে না।’’
সরকারের প্রতি বিএনপির আন্দোলনে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের আন্দোলন হবে অহিংস ও শান্তিপূর্ণ। এতে বাধা দেবেন না। উস্কানিতে লাভ হবে না।
“সরকার আমাদের অহিংস আন্দোলনে ভয় পেয়ে দমানোর নামে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি শুভ হবে না।”
মির্জা আব্বাস বলেন, “আমরা শুনতে পেরেছি, বিরোধী দলের অহিংস আন্দোলন দমাতে, মানুষ মারতে ব্রাজিল থেকে বুলেট আনা হচ্ছে। সরকারকে বলব, দয়া করে মানুষ মারার জন্য বিদেশ থেকে বুলেট আনবেন না। কারণ এদেশের জনগণই এক একটি বুলেট, এটা এদেশের মানুষ মেনে নেবে না।”
জাতীয় চার নেতা হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তিনি বলেন, “সৈয়দ আশরাফুল ইসলামকে আমি শ্রদ্ধা করি। তিনি একজন সজ্জন ব্যক্তি। তিনি (সৈয়দ আশরাফ) ৪ নেতা হত্যার সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়াচ্ছেন। তিনি এই বক্তব্য দিয়ে মিথ্যাচার করছেন।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ওই সময়ের ঘটনার আগ থেকেই জিয়াউর রহমান বন্দী ছিলেন। আশরাফ সাহেব কেন খামাখা মিথ্যা কথা বলছেন। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
মির্জা আব্বাসের সভাপতিত্বে বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, হাবিব উন নবী খান সোহেলসহ মহানগর আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
