২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ জব্বার ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের বেশি সম্পদের সন্ধান মেলায় জাতীয় পার্টির সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল  জব্বার ও তার ছেলে মাহবুব হোসেনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার রাজধানীর রমনা থানায় মামলা দায়েরের পর এ তথ্য জানিয়েছেন বাদী কমিশনের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে জব্বার মোট এক কোটি ৭৩ লাখ এবং মাহবুব ১৯ লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছিলেন। কমিশনের অনুসন্ধানে তাদের আয়ের সঙ্গে এই সম্পদের সঙ্গতি পাওয়া যায়নি।

চলতি বছরের ১২ জানুয়ারি নির্বাচনী হলফ নামায় যে ৭ জন জনপ্রতিনিধির অস্বাভাবিক সম্পদের হিসাব পাওয়া গেছে তাদের মধ্যে আব্দুল জব্বারও রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে নির্বাচনী হলফনামায় অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগে সাবেক মহাজোট সরকার আমলের কয়েকজন মন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে এরই মধ্যে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছে কমিশন।