২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলহাজ কমরেড!’

বাংলাদেশের বাম আন্দোলনের শীর্ষ পর্যায়ের দুই নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর হজ পালন নিয়ে সরস আলোচনা হল মন্ত্রিসভার বৈঠকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার এই দুই মন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে দুজনের হজ পালন নিয়ে সরস আলোচনা হয় বলে বৈঠকে থাকা এক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুই বাম দলের সভাপতির হজ পালন নিয়ে আলোচনা উঠলেও হজ নিয়ে মন্তব্যের জন্য অপসারিত আরেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে কোনো আলোচনাই ওঠেনি বলে ওই মন্ত্রী জানান।

তিনি বলেন, “বৈঠকের এক পর্যায়ে দুই বাম নেতার হজ পালন নিয়ে একজন মন্ত্রী বলেন, ‘দেশে ফিরলে এদেরকে একই সঙ্গে আলহাজ ও কমরেড বলে ডাকা হবে’। এসময় কয়েক মন্ত্রী-প্রতিমন্ত্রী হেসে ওঠে ওই মন্ত্রীর বক্তব্য সমর্থন করেন।”

বিমানমন্ত্রী মেনন এবং তথ্যমন্ত্রী ইনু হজ পালনের পর এখনও সৌদি আরব রয়েছেন। আগামী ১৫ অক্টোবর তাদের ফেরার কথা রয়েছে।

মেনন নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি এবং ইনু নেতৃত্বাধীন জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক।

ইনু শেখ হাসিনার গত সরকারে শেষ দিকে তথ্যমন্ত্রী হয়ে এবারও একই দায়িত্ব পেয়েছেন। মেনন তখন দলীয় সিদ্ধান্তের কারণে মন্ত্রিত্ব নিতে না পারলেও নির্বাচনকালীন সরকারে মন্ত্রী ছিলেন। নির্বাচনের পর নতুন সরকারে বিমানমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এই দুই বাম নেতার হজ পালনে গেলে তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সরস আলোচনা শুরু হয়। 

হজে যাওয়ার আগে বস্তুবাদী দর্শনে বিশ্বাসী এই দুই রাজনৈতিক নেতার তোলা একটি ছবি ঘুরতে থাকে ফেইসবুকে, যেখানে ইহরাম (হজের সেলাইবিহীন পোশাক) পরিহিত অবস্থায় দুজনকে বসে থাকতে দেখা যায়।

ছবিটি শেয়ার করে তানিম আশরাফ নামে একজন ফেইসবুকে লেখেন- “অতঃপর আল্লাহর হেদায়াত হইতে কমরেডগণও পরিত্রাণ পাইলেন না।”

‘আলহাজ কমিউনিজম’ বলেও বিদ্রুপ করেন কেউ কেউ।

মেনন-ইনুকে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে নিউ ইয়র্কে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর  হজ নিয়ে এক মন্তব্য নিয়ে।

প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে অবস্থানের মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সেখানে এক অনুষ্ঠানে বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।”

এরপর বিভিন্ন দলের আন্দোলনের হুমকির মধ্যে রোববার প্রথমে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় লতিফ সিদ্দিকীকে। তার কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। দল থেকে বহিষ্কারের জন্য তাকে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হচ্ছে।  

এসব সিদ্ধান্তের একদিন পর মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে বৈঠকে থাকা ওই মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বলেন, “বৈঠকে লতিফ সিদ্দিকীকে নিয়ে টু-শব্দও হয়নি। প্রধানমন্ত্রীও এনিয়ে কোনো কথা বলেননি।

“সবার (মন্ত্রী-প্রতিমন্ত্রী) চেহারা দেখে আমার মনে হয়েছে, লতিফ সিদ্দিকীকে নিয়ে কারও আফসোস কিংবা মন খারাপও নেই।”

যুক্তরাষ্ট্রকে চিঠি দেবেন মন্ত্রী-এমপিরা

বঙ্গবন্ধুর একজন খুনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন আসামি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তা আইনমন্ত্রী বলেননি বলে বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “আইনমন্ত্রীর বক্তব্যের পর একজন মন্ত্রী এ প্রসঙ্গ ধরে বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মার্কিন সিনেটররা হুটহাট চিঠি দেয়, বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়ে এখন আমরাও তাদের চিঠি পাঠাব’। কয়েকজন মন্ত্রী ওই কথায় সায় জানান।”

তিনি বলেন, “আইনমন্ত্রী এ সংক্রান্ত চিঠির একটি ড্রাফট করবেন। পরে অন্য মন্ত্রী-এমপিরা ওই চিঠির আলোকে আলাদা আলাদা চিঠি যুক্তরাষ্ট্রে পাঠাবেন।”

যুক্তরাষ্ট্রের মাত্র আট শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন থাকার বিষয়টি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানান ওইমন্ত্রী।

পুরনো খবর:

রেলমন্ত্রীর বিয়ে, বিপাকে শ্রম প্রতিমন্ত্রী
হজে গিয়ে আলোচনায় ইনু-মেনন