২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন করে নির্বাচন আদায় করতে হবে না: সুরঞ্জিত

নবগঠিত জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 10:41 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

শনিবার রাতে সিলেটে একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী পণ্ডিত রাম কানাই দাসের শোক সভা শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বের হয়ে ১০টি দল নিয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট(এনডিএফ) নামে গঠিত নতুন রাজনৈতিক জোট দেশে দ্রুত মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানায়।

তাদের এই মধ্যবর্তী নির্বাচনের দাবি বিষয়ে সুরঞ্জিতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তা 'ভিত্তিহীন' উল্লেখ বলেন, "নির্বাচন আদায় করতে আন্দোলন করতে হবে না। দেশে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।"

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘‘সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। সারা বিশ্ব সরকারের বৈধতা স্বীকার করেছে। প্রশ্নবিদ্ধতা সেইখানে বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি। সেটা তাদের ভুল।’’

সাবেক এই মন্ত্রী বলেন, "আগামী দিনের নির্বাচনের জন্য নতুন দল, নতুন ফ্রন্ট হলে তাদের স্বাগত জানাই। তারা দেশে অসাম্প্রদায়িক রাজনীতিতে অবদান রাখুক।"

হজ নিয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এ নিয়ে আওয়ামীলীগ নিষ্ঠুর পরীক্ষার মুখোমুখি। আওয়ামীলীগ একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ধর্মের প্রতিপক্ষ যারা করতে চায় তারা বড়ই হতাশ।

"লতিফ সিদ্দিকীর বোঝা আওয়ামী লীগ বইতে পারবে না। তাই তাকে আওয়ামী লীগ ছাড়াতে হবে। কেবিনেট ছাড়াতে হবে।’’

শোক সভায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফহেত ফাত্তাহ, সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামসুল ইসলাম প্রমুখ।