২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতনে সময়মত কর্মসূচি: রিজভী

দলের দুপক্ষের বিরোধে উত্তেজনার মধ্যে পুলিশ পাহারায় কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার শহরের সরদারপাড়ায় নিজ বাসভবনে ওই মতবিনিময়কালে তিনি সরকার পতনে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সময়মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

তিনি বলেন, এ ব্যাপারে দলের নীতি নির্ধারকরা একদফা বৈঠক করেছেন। সামনে আরো বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা হবে।

জনগণের এখন একটি দাবি, তা হলো প্রত্যেকের অংশগ্রহণে নির্ভরশীল ও সবার গ্রহণযোগ্য নির্বাচন।

সরকার দাবি না মানলে লাগাতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হবে বলে জানান তিনি।

বুধবার রাতে রিজভীর বাসববনে তার উপস্থিতিতে জেলা বিএনপির দুগ্রুপের নেতাদের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে তার বাসাসহ শহরের গুরুতপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

রিজভী সাংবাদিকদের বলেন, সরকার গঠনমূলক, উন্নয়নমূলক কাজে নেই-লম্বা চওড়া বিবৃতি ছাড়া। সারাদেশে চাঁদাবাজি, জুলুম চরম আকার ধারণ করেছে। কারো জানমালের নিরাপত্তা নেই, কারণ ভোটারবিহীন সরকার ক্ষমতা দখল করে আছে। জনগণের সমর্থন নেই, জবাবদিহিতা নেই।

রাস্তা-ঘাটের উন্নয়ন না হওয়ায় ঈদে মানুষের চরম দুর্ভোগ গেছে। মানুষ জীবন হাতে নিয়ে বাড়ি ফিরেছে এবং এখন আবারো ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে বলে রিজভী দাবি করেন।

সরকার ধারাবাহিকভাবে মিথ্যাচার করছে দাবি বলে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব ও বৃটিশ প্রধানমন্ত্রী সরকারকে সমর্থন দেয়ার যে কথা বলা হচ্ছে তা ডাহা মিথ্যা কথা।

মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যে ধর্ম সম্পর্কে আওয়ামী লীগের মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে দাবি করেন তিনি।

মিডিয়ার কণ্টরোধ করতে সম্প্রচার নীতিমালা এখন ভীতিমালায় পরিণত হয়েছে। এছাড়া বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে সংবিধান সংশোধন করা হয় বলে অভিযোগ করেন রিজভী।

এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সাংসদ উমর ফারুক, মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান জানান, বুধবার রাত ১০টার দিকে রিজভীর বাসায় জেলা বিএনপির বিবাদমান দুটি গ্রুপের বৈঠক বসে। দুগ্রুপের পক্ষ থেকে নেতার কাছে পাল্টা-পাল্টি অভিযোগ করা হয়।

এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রুহুল কবীর রিজভীর বাসভবনসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।