২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে পুনঃভোট দাবি জাপা প্রার্থীর

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪২টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

কর্মসূচিতে রয়েছে শনিবার পথসভা এবং রোববার সদর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল।

তবে, শনিবারের মধ্যে পুনঃভোট গ্রহণের দাবি মানলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে তিনি জানান।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

সন্ধ্যায় শহরের নতুন বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মো. ইলিয়াছ উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু দলীয় প্রভাব খাটিয়েছেন। ৪২টি ভোটকেন্দ্রে তার এজেন্টদের বের করে দিয়েছেন।

এসব কেন্দ্রে পুলিশের সহায়তায় তার কর্মীরা ব্যালটে সিল মেরেছে বলেও তিনি অভিযোগ করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই ওসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রশাসন যদি শনিবারের আগেই দাবিকৃত ৪২টি কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণের ঘোষণা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তবে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাকর্মী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।