দুই দিন বিক্ষোভের পর তিতুমীরে সমঝোতা
প্রথম দিন রাস্তায় প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর এবং পরদিন কলেজের ফটক আটকে রেখে বিক্ষোভের পর রাজধানী তিতুমীর কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ও পদবঞ্চিতরা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পক্ষের কর্মীদের নিয়ে বুধবার মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
“কলেজের একাধিক সাবেক ছাত্রনেতা নতুন কমিটি এবং পদবঞ্চিতদের সঙ্গে বসে এই সমঝোতার ব্যবস্থা করেন।”
গত সোমবার তিতুমীর কলেজ ছাত্রলীগের কমিটি হাওয়ার পর তাতে স্থান না পাওয়া নেতাদের সমর্থকরা মহাখালীতে কলেজের সামনের রাস্তায় অর্ধশতাধিক গাড়িভাংচুর করে। সন্ধ্যায় ওই ঘটনার পর রাত ৮টা পর্যন্ত মহাখালী-গুলশান সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলেজের মূল ফটক আটকে ও টায়ার জ্বালায়ে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধরা।
অধ্যক্ষ দিলারা হাফিজ বলেন, “ছাত্রলীগের কমিটি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তাতে বৃহস্পতিবারের মাস্টার্স ফাইনাল পরীক্ষা নিয়ে শঙ্কিত ছিলাম। সেটা দূর হয়েছে। আশা করি আর কোনো সমস্যা হবে না।”
দুই পক্ষের কাছ থেকেই ফুলেল শুভেচ্ছা পেয়েছেন বলে জানান অধ্যক্ষ।
নতুন কমিটির সভাপতি মিরাজুল ইসলাম ডলার জানান, প্রাক্তণ ছাত্রনেতাদের নিয়ে মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা করে সমাধানে পৌঁছান তারা।
“রাজনৈতিকভাবেই সমস্যার সমাধান হয়েছে। পদবঞ্চিতরা যেন রাজনৈতিকভাবে পিছিয়ে না পড়ে সে ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। আমাদের আশ্বাসে তারাও সন্তুষ্ট হয়েছে।”
তবে পদবঞ্চিত একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনার মাধ্যমে সমাধানে আসা গেছে। সবাই বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই রাজনীতি করি। নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকুক, সেটা কেউ চায় না।”
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই বছর ধরে কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির আহ্বায়ক ছিলেন ডলার। এই আহবায়ক কমিটি থেকেই নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে।
প্রায় ১৯ জনের এই আহবায়ক কমিটির বাকি সদস্যরা নতুন কমিটিতে স্থান পাননি। সোমবার রাতে তাদের সমর্থকরাই রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষ সমঝোতায় এসেছে। তারা ক্যাম্পাসে এবং রাস্তায় আনন্দ মিছিল করে পরস্পরকে শুভেচ্ছাও জানিয়েছে।”
