২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীরে ফের বিক্ষোভ, ফটকে তালা

কমিটি গঠনকে কেন্দ্র করে আগের দিন সড়কে গাড়ি-ভাংচুরের পর মঙ্গলবার আবারো ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে তিতুমীর কলেজ ছাত্রলীগের একদল কর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 12:12 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

তিতুমীর ছাত্রলীগের দ্বন্দ্বে সড়কে গাড়ি ভাংচুর

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে কলেজের প্রবেশ পথে টায়ারে আগুন জ্বালানো হয়।

বেলা পৌনে ১১টার দিকে কলেজের মূল ফটক থেকে একটু ভিতের প্রবেশ পথে কালো ধোঁয়া উড়তে দেখা যায় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ফারহান ফেরদৌস জানান।

এ সময় কলেজের সামনের রাস্তায় তিন/চারটি পুলিশের গাড়ি দেখা যায়। পুলিশ রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা ছাত্র ও পথচারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা ভিতরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তাদের বাইরে বেরোতে দেয়া হয়নি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এদিকে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে ভিতরে বিক্ষোভ চলায় কয়েক ঘণ্টা ক্যাম্পাসে ঢুকতে পারেননি শিক্ষার্থীরা।

বেলা ১২টার দিকে ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র শরীফুল ইসলাম ও ফারহানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১১ সেপ্টেম্বর থেকে তাদের অনার্স ফাইনাল পরীক্ষা। কিন্তু তারা এখন কলেজে ঢুকতে পারছেন না।

পরে বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধরা ক্যাম্পাস ছেড়ে গেলে কলেজের ফটক খুলে দেয়া হয়।

আগের দিন ছাত্ররা জানায়, সোমবার কলেজ ছাত্রলীগের কমিটি গঠন হয়। এতে স্থান না পাওয়াদের নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়। ওই মিছিলটি কলেজের ফটক থেকে বেরিয়েই সড়কে গাড়ি ভাংচুর শুরু করে।

এ সময় প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করা হয়। বাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যান কিছুই তাদের ভাংচুর থেকে বাদ যায়নি।