২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের অভিযোগে চট্টগ্রাম ছাত্রলীগের সহসভাপতি আটক

এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগে চট্টগ্রাম নগর ‍ছাত্রলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 09:58 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ঝর্ণাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মারধরে আহত শাজাহান নামের ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ‍পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ ঝর্ণাপাড়া এলাকার একটি বাসায় শাজাহানকে আটকে রেখে মারধর করছিল।

“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ও শহীদকে আটক করে।”

শহীদ নগর ছাত্রলীগ নেতা কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আরাফাত বলেন, “শহীদ কোন সংগঠনের কোন পদে আছে তা আমরা জানি না। তবে আটকে রেখে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে।”

তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদ নগর কমিটির সহ সভাপতি।

নগর ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাও জানান, শহীদ সংগঠনের ৩৪ নম্বর ও সর্বশেষ সহ সভাপতি।