২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ দ্বিচারিতায়: কাদের

সরকারবিরোধী কথা বলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দ্বিচারিতা করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকরা এরশাদের সরকারবিরোধী বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, “আপনে সরকারের অংশ হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না, সরকারবিরোধী আন্দোলন করতে পারেন না, এটা দ্বিচারিতা।

“আন্দোলন যে হবে সেটাও ভিন্ন বিষয়, যারা অপজিশন হিসেবে স্বীকৃত তারাই আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে। এখন এরশাদ সাহেব যে কথাটা বলছেন নীতিগতভবে আসলে তিনি এটা করতে পারেন না।”

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

৩৪ জন সদস্য নিয়ে এ সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি। দলটির সভাপতিমণ্ডলির সদস্য রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হলেও দলের তিন নেতা মন্ত্রিসভায় রয়েছেন।

মন্ত্রিসভায় থাকায় জাতীয় পার্টির নেতাদের প্রকাশ্যে সরকারবিরোধী বক্তব্য দেয়ার সুযোগ নেই বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।

তিনি বলেন, “সরকারে থেকে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইলে সরকারি ফোরামে অথবা জোটের ফোরামে বক্তব্য রাখতে হবে, নীতিগতভাবে ওপেনলি রাখার কোন স্কোপ নেই।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আসলে এখন তিনি যে কথা বলছেন কোন কৌশলগত কারণে বলছেন। পরবর্তীতে কি বলবেন সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।”

সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

জাতীয় পার্টির নেতাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে তার দলের বেরিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “কেউ কাউকে জোর করে রাখতে পারে না; জোটে যারা আছে তারা যদি বের হয়ে যেতে চায়, এটা তাদের এখতিয়ার। জোটে থাকতে না চাইলে তারা চলে যাবেন, আমি তো জোর করে তাদের রাখতে চাই না, রাখতেও পারবো না।

“একটা দলকে আমি কিভাবে জোর করবো। কেউ যদি যেতে চায় এটি তার ইচ্ছার ব্যাপার-তার দলের সিদ্ধান্তের ব্যপার, তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে এখানে ধরে রাখতে পারবো না।”

পুরনো খবর:

‘গডফাদার’ আওয়ামী লীগে আছে: এরশাদ