২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-তারেকের দিকে তাকিয়ে জনগণ: আনোয়ার

দেশে বর্তমান ‘সঙ্কটজনক’ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে মানুষ এখন খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

দ্রুত নির্বাচন না দিলে সরকারকে ‘কঠিন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় আনোয়ার বলেন, “পত্র-পত্রিকা খুললেই দেখা যায় সর্বত্র চুরি-ডাকাতি, দখলবাজি, টেন্ডারবাজি, লুটপাট চলছে। দেশে আজ কোনো সরকার নেই। আছে সন্ত্রাসী গোষ্ঠী।

“সরকারকে বলব, দেয়ালের লিখন পড়ুন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন। নইলে আপনারা পালাবার পথ পাবেন না, কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন।”

তিনি বলেন, “দেশের মানুষ আজ দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। সংকটের সমাধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’’

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার পর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি স্মরণে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের লেখা বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ নিয়ে সংসদে আওয়ামী লীগের সাংসদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিএনপি নেতা এম কে আনোয়ার।

“যিনি কিছুদিন আগেও তাদের সরকারের মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ছিলেন, তিনি যখন সত্য উন্মোচন করলেন, তখনই তারা তার বিরুদ্ধে গালিগালাজ শুরু করে দিল। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিচারের কথাও বলছেন তারা,” বলেন তিনি।

সাবেক সরকারি কর্মকর্তা আনোয়ার বলেন, “শেখ মুজিবুর রহমানের সরকারকে উৎখাতে যারা কাজ করেছেন, যারা ’৭৫ সালে পটপরিবর্তনের পর খন্দকার মোশতাক আহমেদের সরকারের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই এখন শেখ হাসিনার চারপাশে অবস্থান করছেন।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেন, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, বিএনপি ঢাকা দক্ষিণের আলী রেজাউর রহমান রিপন, লিটন মাহমুদ, আনিসুর রহমান আনিস, ঢাকা উত্তরের ইয়াসিন আলী, সাহাবুদ্দিন মুন্না প্রমুখ বক্তব্য দেন।