উস্কানির ফাঁদে পা দেবে না বিএনপি: আব্বাস
সরকার ‘নানাভাবে উস্কানি’ দিলেও বিএনপি সেই ‘ফাঁদে’ পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার যত উস্কানি দিক না কেন, বিএনপি তাতে পা দেবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করব।”
নেতা-কর্মীদের স্লোগানের সংস্কৃতি বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সরকারের সমালোচনায় আব্বাস বলেন, “সরকার বলছে, বিএনপি কিছুই করতে পারবে না। তা যদি সত্যি হয়, কেন তারা আমাদের নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে?”
গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করা তারেক সরকারের কাছে ‘আতঙ্কে’ পরিণত হয়েছে বলে দাবি করেন আব্বাস।
তিনি বলেন, “লন্ডনে অসুস্থ তারেক রহমান চিকিৎসা নিচ্ছেন। এর ফাঁকে তিনি পড়াশোনা করছেন। বিভিন্ন বইপত্র ঘেঁটে যেসব কথা তিনি তুলে ধরছেন, সেগুলো কোনোটাই তার নিজের বক্তব্য নয়; বিভিন্ন বইয়ের উদ্ধৃতি। এতেই সরকারের জ্বালা ধরে যায়।”
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অনুষ্ঠানে বলেন, “সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য নানা আইন করছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে সম্প্রচার নীতিমালা করেছে। এখন বিচারপতিদের অভিশংসনের আইনে সংশোধনী আনতে যাচ্ছে।”
‘ভোট ডাকাত ও পুঁজিবাজারের অর্থ লুন্ঠনকারীদের’ হাতে বিচারক অভিশংসনের ক্ষমতা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধের প্রজন্মের সভানেত্রী শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-শিল্প বিষয়ক সম্পাদক শাহাজাদা মিয়া, অবসরপ্রাপ্ত বিচারক রেজাউল করিম চুন্নু আলোচনায় অংশ নেন।
