‘মিথ্যা মামলায় বিএনপিকে ঠেকান যাবে না’
সরকার ‘মিথ্যা মামলা’ দিয়ে বিএনপির রাজনীতি ‘শেষ করে দেয়ার চক্রান্ত’ করছে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এই চেষ্টায় ক্ষমতাসীনরা সফল হবে না।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গতকাল (বুধবার) মিথ্যা মামলায় আদালতে যেতে হয়েছিল। দলের নেতাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেয়া হচ্ছে।
“সরকারকে বলতে চাই, এভাবে মিথ্যা মামলা দিয়ে, হামলা চালিয়ে বিএনপির রাজনীতি শেষ করা যাবে না।”
ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি অনুসারী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার কথা থাকলেও গাড়ি পোড়ানোর একটি মামলার হাজিরা থাকায় তিনি আসতে পারেননি বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার পর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দিনটি স্মরণে ড্যাব এই আলোচনা সভার আয়োজন করে।
তারেক রহমানকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘জীবন্ত প্রতীক’ অভিহিত করে রফিকুল ইসলাম বলেন, “তিনি (তারেক) ইতিহাসের সত্য কথা তুলে ধরছেন বলে মন্ত্রীরা অশালীন ভাষায় কথা বলছে।… আজ তারেক রহমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছে। ২১ অগাস্টের গ্রেনেড মামলায় তাকে ষড়যন্ত্র করে জড়ানো হচ্ছে।”
রাজপথে আন্দোলনের মাধ্যমে ‘সব ষড়যন্ত্রের জবাব’ দেয়া হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।
ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, তথ্য ও গবেষণা সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, অধ্যাপক বোরহানউদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক মাজহারুল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. আবদুস সালাম, ডা. জহিরুল ইসলাম, সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর আলোচনা সভায় বক্তব্য দেন।
