এখনি ফিরছেন না তারেক
তারেক রহমানকে দলের পরবর্তী কর্ণধার হিসেবে দেখে আসা কর্মীরা তার বাংলাদেশে ফেরার প্রত্যাশায় থাকলেও তা যে আপাতত হচ্ছে না, তা স্পষ্ট হল বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়।
তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসে বুধবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “দানবীয় শক্তির কারণে তাকে দেশে ফিরিয়ে আনাটা নিরাপদ হবে না। তিনি আমাদের নেতা, তাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে।”
‘দানবীয় শক্তি’ বলতে এখানে বর্তমান সরকারকে বুঝিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। তার দাবি, খালেদা জিয়া ও তার ছেলে সরকারের ‘ষড়যন্ত্রের’ শিকার।
তারেক এখনি ফিরছেন না বলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভায় বললেও একদিন আগেই ছাত্রদলের আলোচনা সভায় তিনি বলেছিলেন, “তারেক আগামীতে বাংলাদেশে ফিরে আসবেন।”
তারেক ‘শিগগিরই’ দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা নানা সময়ে বলেছিলেন।
গত বছরের জুলাইয়ে লন্ডন থেকে ফিরে ফখরুলও বলেছিলেন, “তার (তারেক) স্বাস্থ্যের অবস্থা জেনেছি। তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।”
লন্ডনে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দিলেও তারেক নিজে তার দেশে ফেরার ব্যাপারে কখনোই কিছু বলেননি।
ছয় বছর থেকে প্রবাসে অবস্থান করা তারেককে দেশে এসে তার বিরুদ্ধে করা মামলা মোকাবেলা করতে আওয়ামী লীগ ও তার শরিক জোটের নেতারা আহ্বান জানিয়ে আসছেন।
বিএনপিকর্মীরা মনে করেন, খালেদার পর বর্তমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকই হবেন দলের কর্ণধার। বিভিন্ন কর্মসূচিতে তাদের হাতে ‘তারেক রহমান: তোমার প্রত্যাশায় বাংলাদেশ’ লেখা ব্যানারও দেখা যায়।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার আমলে ‘দুর্নীতির’ জন্য সমালোচিত তারেককে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার করা হয়।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান খালেদার ছেলে। স্ত্রী-মেয়ে নিয়ে তিনি এখনো সেখানেই রয়েছেন।
একুশে অগাস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক প্রবাসে দলের বিভিন্ন সভায় বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন।
সোমবারও লন্ডনে একটি সভায় তিনি দাবি করেন,তার বাবা জিয়াউর রহমানই স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
প্রবাসে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া তারেক লন্ডন থেকে মালয়েশিয়া গিয়ে একটি সভায়ও যোগ দেন। গত জুলাইয়ে সস্ত্রীক সৌদি আরব গিয়ে মায়ের সঙ্গে ওমরাহও পালন করেন তিনি।
এদিকে তারেকের সঙ্গে শুরু থেকেই প্রবাসে অবস্থানের কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার চিকিৎসক স্ত্রী জোবাইদা রহমানকেও গত সোমবার সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
