২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কলেজে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া

কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 05:12 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের নেতারা একে অপরকে এ ঘটনার জন্য দায়ী করছেন। তবে, পুলিশ গোলাগুলির বিষয়টি স্বীকার করেনি।

কোতোয়ালি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, বুধবার দুপুরে এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল হাদি জানান, কুমিল্লা সরকারি কলেজের অনার্স ভবনে বুধবার একটি নাটকের মহড়া  চলছিল। ওই অনুষ্ঠানে তিনিও ছিলেন।

“মহড়া চলাকালে বেলা ১২টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিপন গ্রুপের প্রায় ৩০/৩৫ জন কলেজ ক্যাম্পাসে ঢুকে ৮/৯ রাউন্ড গুলিবর্ষণ করে এবং ৫টি মোটরসাইকেল ভাংচুর করে।”

গোলাম সারোয়ার শিপন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় আমি কলেজে ছিলাম না। কিছু অছাত্র এবং নামধারী ছাত্রলীগ ক্যাডার সাধারণ ছাত্রদের অহেতুক মারধর করছিল। এরপর সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া করে কলেজ থেকে বিতাড়িত করে দেয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ ছাত্র জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।