২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিশংসন ক্ষমতায় পূর্ণ হলো বাকশাল: আমীর খসরু

সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে বাকশালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 08:25 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ ‘কালো আইন’ করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। এবার সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে স্বাধীন বিচারব্যবস্থার পথ রুদ্ধ করে দিয়েছে।

“কিছু দিন পূর্বে তারা জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়নের মাধ্যমে গণতন্ত্রের শক্তিশালী অঙ্গ কেটে ফেলেছে।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতা খসরু অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়।

“সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে বাকশালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।”

আগে বাকশাল কায়েম করতে গিয়ে ২০ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। আর এবার ক্ষমতাচ্যুত হলে তারা চিরতরে নির্বাসনে যাবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বুধবার নগরীর সাতটি স্পটে গণসংযোগ করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কেন্দ্র্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোতয়ালি থানা বিএনপির সভাপতি সামশুল আলম সভাপতিত্বে ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ও নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান।