‘বিডিআর হত্যাকাণ্ডে বিএনপি নেতারা জড়িত’
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে বিএনপি নেতারা কোন না কোনভাবে জড়িত আছেন বলে অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য এম এ গণির বাংলাদেশের সাম্যবাদী দলে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, “২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে।
“তাই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে বিএনপির নেতারা কোন না কোনভাবে জড়িত আছেন। সেই দিনের ঘটনার সময় বিএনপির নেতারা কী ধরনের আচরণ করেছে, তা সারা দেশের মানুষ দেখেছেন। তাদের সেই আচরণ পর্যালোচনা করলেই বিষয়টি পরিষ্কার হবে।”
খালেদা জিয়াকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, “উনি নির্বাচনের জন্য প্রস্তুত না, চক্রান্তের জন্য প্রস্তুত।”
জিয়াউর রহমানকে ‘ইতিহাসের খলনায়ক’ আখ্যায়িত করে জাসদ সভাপতি বলেন, “খালেদা জিয়া শেষ চক্রান্ত করছে।”
মহাজোট সরকার নির্বাচনী সব অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী ইনু।
তথ্যমন্ত্রী ইনু ছাড়াও অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং ন্যাপ থেকে যোগদানকারী নেতা এম এ গণি বক্তব্য দেন।
৮০ বছর বয়সী এম এ গণি তার বক্তব্যে মূলত জামায়াত-শিবিরের মৌলবাদী রাজনীতি নিয়ে কথা বলেন।
