২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিএনপি-যুবদলের কমিটি, মেয়রের প্রত্যাখ্যান

সিনিয়র সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে রাজশাহী মহানগর বিএনপির কমিটি পুনর্বিন্যাস ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ছাড়া মহানগর যুবদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:46 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু বলেন, শনিবার সন্ধ্যায় বিএনপির য্গ্মু মহাসচিব (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটি দুইটি অনুমোদনের কপি ফ্যাক্সে রাজশাহীতে পাঠানো হয়।

এ খবর পাওয়ার পর শনিবার রাতে সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির পুনর্বিন্যস্ত কমিটি প্রত্যাখান করে দল থেকে পদত্যাগ করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং মহানগর বিএনপির নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

এছাড়া সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল যুবদলের নতুন কমিটি এবং বিএনপিতে তাকে দেয়া নতুন পদ প্রত্যাখান করেছেন।

দীর্ঘ নয় বছর পর কাউন্সিল ছাড়াই সিটি করপোরেশনের মেয়র ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাদ দিয়ে রাজশাহী মহানগর যুবদলের নতুন ১৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে বাদ দিয়ে মহানগর বিএনপির কমিটি পুনর্বিন্যাস করা হয়।

কমিটি ঘোষণার পর শনিবার রাতে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সমর্থকরা বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর বাসা ঘোরাও করে কমিটি দুইটি প্রত্যাখ্যান করে বুলবুলকে মহানগর যুবদলের সভাপতি অথবা মহানগর বিএনপির সেক্রেটারির পদে রাখার দাবি জানিয়েছেন।

মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, সর্বশেষ ২০০৩ সালে মহানগর যুবদলের কাউন্সিল করা হয়। এতে সভাপতি হন মোসাদ্দেক হোসেন বুলবুল ও আসলাম সরকার। ২০১২ সালে সে কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি করা হয়। এতে মোসাদ্দেক হোসেন বুলবুলকে আহবায়ক করা হয়েছিল।

বিপ্লব বলেন, যুবদলের কমিটির গুরুত্বপূর্ণ পদে ব্যবসায়ীদের বেশী মুল্যায়ন করা হয়েছে, যারা আগে সক্রিয়াভাবে দলের সঙ্গে জড়িত ছিলেন না। এ কমিটিতে দলে নবাগত ব্যবসায়ী আবুল হাসনাইন হিকলকে সাধারণ সম্পাদক করাসহ ১৭ জন ব্যবসায়ীকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তাকে না জানিয়েই কমিটি দুইটি করা হয়েছে। কাউকে বাদ দিয়ে কোনো পদে তিনি থাকতে রাজি নন। একজন সিনিয়র নেতাকে বাদ দিয়ে তাকে মহানগর বিএনপির সিনিয়ার সহসভাপতি করা হয়েছে।

“এ কারণে সে পদ আমি প্রত্যাখ্যান করে সাধারণ সদস্য হিসেবে রাখার কথা দলের কেন্দ্রীয় কমিটিকে ফোনে জানিয়েছি,” বলেন বুলবুল।

তিনি আরো বলেন, তাকে না জানিয়ে মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সে কমিটি প্রত্যাখান করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করার জন্যও দলের কেন্দ্রীয় নেতাদের ফোনে জানিয়েছৈন তিনি।