ভাংচুরের মামলায় চট্টগ্রামের আদালতে আমীর খসরু
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের দুই মামলায় চট্টগ্রামের বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে হাজিরা দিয়েছেন।
রোববার চট্টগ্রামের মূখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালত ও মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে দুই মামলার শুনানি হয়।
আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আবেদনের প্রেক্ষিতে চকবাজার থানার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহদাত হোসেনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
“দুই আদালত দুটি মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।“
বন্দর নগরী কোতোয়ালী ও চকবাজার থানার এ দুটি মামলায় গত জানুয়ারি মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগরের সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এসব মামলা করে।
এই দুই মামলায় আদালতে আরো হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম ও আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল হাশেম বক্কর, নগর যুবদল সভাপতি কাজী বেলাল প্রমুখ।
