২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি জোটের শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল

পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য এবং আগের দিন বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান উত্তাপ ছড়ালেও গোলযোগ ছাড়াই শেষ হয়েছে ২০ দলের কালো পতাকা মিছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 11:01 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ঝিনাইদহে বিএনপির কালো পতাকায় অগ্নিসংযোগ

‘খাঁচায়’ আটকাতে কার্যালয়ে পুলিশ: বিএনপি

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোটের ৫ জানুয়ারির ভোট বর্জনের পর রাজপথে এটাই ছিল প্রথম কর্মসূচি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকা এই কর্মসূচি পালনে কয়েকটি শর্তে বিএনপিকে অনুমতি দিয়েছিল পুলিশ।

ঢাকার পাশাপাশি সারাদেশেই একই কর্মসূচি ডাকা হয়। ঝিনাইদহে কালো পতাকা পুড়িয়ে দেয়ার্‌কেটি ঘটনা ছাড়া আর কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

৫ জানুয়ারির ভোট ঠেকানোর সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত না বাঁধাতে কড়া হুঁশিয়ারি ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের।

তবে বিএনপি নেতারা বলে আসছিলেন, তারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করতে চান এবং সরকার তাতে বাধা না দিলেই হল।

এর মধ্যে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীরা খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটতে চাইলে সেখানে পুলিশ অবস্থান নেয়।

শনিবার নয়া পল্টনে জল কামান ও সাঁজোয়া যান নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিলেও কোনো ধরনের সংঘাত হয়নি।

নয়া পল্টন থেকে মিছিল শুরু হয়ে মালিবাগে শেষ হওয়া পর্যন্ত তা অনুসরণও করে পুলিশ।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাস বলেন, “গাজায় নিরহ মানুষ হত্যার প্রতিবাদে আমাদের এই কালো পতাকা মৌন মিছিল হবে। এটা সরকারের বিরুদ্ধে কোনো মিছিল নয়।”

নেতা-কর্মীদের রাজনৈতিক কোনো স্লোগান না দিতেও অনুরোধ জানিয়েছিলেন তিনি।

২০ দলীয় জোটের কয়েক হাজার নেতা-কর্মী বুকে কালো ব্যাজ এবং কালো পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনের পক্ষে এই মিছিলে অংশ নেন, অনেকের হাতে ছিল ফেস্টুন।

রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নেতা-কর্মীদের মধ্যে বিএনপির প্রাধান্য ছিল। ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দিয়েছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা।

শুরুতে জোনাকী সিনেমা হলের কাছে ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিল এসে দাঁড়ালে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে ব্যানার ফেরত দেয় পুলিশ।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবউন নবী খান সোহেল বক্তব্যে অভিযোগ করেন, তাদের কয়েকটি মিছিলের ব্যানার কেড়ে নেয়া হয়েছে।

মিছিলের আগে থেকে পল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ, বেইলি রোডসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোট আরো কিছু কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

কালো পতাকা মিছিলের পর আগামী ১৯ অগাস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে।

ফিলিস্তিনের গাজায় গত এক মাসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে।

কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা দাবি জানাচ্ছি- অবিলম্বে এই হামলা ও গোলাবর্ষণ বন্ধ করুন। অধিকৃত ভুখণ্ড ফিলিস্তিনিদের ফিরিয়ে দিন।”

বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের অধিকারের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা।

মিছিলের নেতৃত্বে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, হাবিবুননবী খান সোহেলসহ ২০ দলীয় জোটের নেতারা।

মিছিলে ছিলেন জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, আবদুল লতিফ নেজামী, মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ন্যাপের জেবেল রহমান গানি, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী সাঈদ আহমেদ প্রমুখ।

মিছিলে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, নাসির উদ্দিন অসীম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সুলতান সালাহউদ্দিন টুকু, এ বি এম মোশাররফ হোসেন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, হাফেজ আবদুল মালেক, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব।