গণতন্ত্র ‘ফিরিয়ে’ আনাই চ্যালেঞ্জ: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়া নয়, এই মুহূর্তে দেশে গণতন্ত্র ‘ফিরিয়ে’ আনাই তাদের প্রধান কাজ।
সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “অতীতে আওয়ামী লীগ বাকশাল করেছিল। এবার সরকার নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে গণতন্ত্রের পোশাক পড়ে ভিন্ন লেবাসে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
ফাইল ছবি
সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে সাংবাদিকদের দ্বিধা-বিভক্ত অবস্থানেরও সমালোচনা করেন ফখরুল।
সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দেশে গণতন্ত্র নেই। জনগণ চায়, দেশে আবার গণতন্ত্র ফিরে আসুক।
“তাই সব মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে অচলায়তন ভেঙে ফেলতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
৫ জানুয়ারির ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে দাবি করে ফখরুল বলেন, “ওই আন্দোলনে বিরোধী জোটের ৩১০ জন নেতা-কর্মী হত্যা করা হয়েছে। গুম হয়েছে ৬৫ জন। হাজার হাজার নেতা-কর্মী আহত হয়েছে।
“অনেকে বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না যাওয়াটা ভুল ছিল। তাদের সঙ্গে আমি একমত নই। ওই নির্বাচন বর্জন করে জনগণ প্রমাণ করেছে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভানেত্রী শামা ওবায়েদের সভাপতিত্বে সভায় গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কলামনিস্ট মাহফুজউল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বক্তব্য রাখেন।
