২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানককে সামনে পেয়ে ক্ষুব্ধ যুবলীগ নেতা

রাজধানীর আগারগাঁওয়ে এক আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার পর হাসপাতালে নেতাকর্মীদের সামনেই সাবেক যুবলীগ চেয়ারম্যান ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ওপর ক্ষোভ ঝাড়েন এক যুবলীগ নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 09:35 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

শনিবার রাতে আগারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জাহাঙ্গীর আলম নামের একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা।

স্থানীয় নেতাকর্মীদের একটি দল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নানকের ওপর ক্ষুব্ধ।

শনিবার রাতে আগারগাঁওয়ের নিজ বাসার সামনে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে ছুটে যান।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরান শহীদ প্রিন্স মহব্বত তার কর্মীদের নিয়ে ঘটনার পরপরই পঙ্গু হাসপাতালে যান।

রাত সাড়ে ১২টার দিকে যান মোহাম্মদপুর-আদাবর এলাকার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এসময় জরুরি বিভাগের বাইরে জাহাঙ্গীরের দাফন কাফন নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন মহব্বত।

সাংসদ নানক জরুরি বিভাগ থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে পেছন ফিরে মহব্বতের সামনে দাঁড়ান।

তখন ক্ষুব্ধ মহব্বত নানককে বলেন, “আমি আপনার সিকিউরিটির জন্য এখানে এসেছি, দলীয় নেতাকর্মী নিয়ে আছি।”

নানক এসময় মাথা নাড়ান।

Image
জাহাঙ্গীরের জানাজা

জাহাঙ্গীরের জানাজা

মহব্বত ক্ষোভের সঙ্গে বলতে থাকেন, “আমাদের লোকজন সব মারা পড়ছে, কোন বিচার হচ্ছে না, আসামি ধরা পড়ছে না। অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটারও কিছু হয়নি। এবার ভাল হয়ে যান।”

এ কথায় সাংসদ নানক কিছুটা হতচকিত হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন। পরে সাংসদ বলেন, “হত্যাকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। আর এটা আমি দেখছি।”

এসময় সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছাড়াও মহানগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, থানা আওয়ামী লীগ নেতা সাদেক খান, অধ্যক্ষ এম এ সাত্তার উপস্থিত ছিলেন।

এরপর দ্রুত হাসপাতাল এলাকা ছেড়ে যান নানক।