২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগের অবস্থা ভালো না’

বর্তমানে আওয়ামী লীগের অবস্থা ভালো নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 09:10 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার রংপুর টাউন হলে জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার উত্তর আলোচনা সভায় তিনি বলেন, “এর মধ্যে আমাদের সুযোগ নিতে হবে। আমি প্রতিটি জেলায় সফর করব। সামনের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ১৫১টি আসন নিতে হবে, আমাদের সরকার গঠন করতে হবে।”

বর্তমান সরকারের আমলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তার সরকারের আমলে দেশে এতো খুন, গুম হয়নি। এতো আতঙ্ক ছিল না। দেশের মানুষ শান্তিতে দিন কাটিয়েছে।

আলোচনায় বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, “বিএনপি ও জোট সরকার তিনবার সরকারে ছিল। তখন তারা জিয়া ও মঞ্জুর হত্যা নিয়ে কোনো কথা বলেনি। এখন আমাকে জড়িয়ে কথা বলছে। তার মানে তারা এখন আমাকে ভয় পায়।”

“বিএনপি আমাকে দালাল বলে। আমি দালালও নই, রাজাকারও নই। আমি যদি হত্যাকারী হতাম তাহলে খালেদা জিয়া আমার কাছ জমি নিলেন কেন?  টাকা নিলেন কেন? বাড়ি নিলেন কেন?” 

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টুর সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বক্তব্য রাখেন।