২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের জামিন স্থগিতের আবেদনের শুনানি ২০ জুলাই

মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জামিনে স্থগিতাদেশ চেয়ে করা দুটি আবেদনের শুনানি হবে আগামী ২০ জুলাই।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পূর্ণাঙ্গ বেঞ্চ পৃথক ওই আবেদনের শুনানির জন্য এই দিন ঠিক করে দেন।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশন বিএনপি নেতার জামিনাদেশ স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার একটি আবেদন করে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ একই প্রার্থনা জানিয়ে রোববার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।

সাবেক মন্ত্রী মোশাররফকে গত ৯ জুলাই বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ শর্তসাপেক্ষে স্থায়ী জামিন দেয়।

জামিনের আদেশে বলা হয়, খন্দকার মোশাররফকে সংশ্লিষ্ট আদালতে পাসপোর্ট জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া চলবে না। অভিযোগ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যোগাযোগও করতে পারবেন না।

২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে দুদক।

এ মামলায় তিনি হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। এরপর গত ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর কয়েকবার হাই কোর্টে জামিন চাইলেও আদালত তাকে ফিরিয়ে দেয়। শেষে স্বাস্থ্য প্রতিবেদন পর্যালোচনা করে বিচারপতি নাঈমা হায়াদার নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে একটি রুল দেয়। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে নিয়মিত জামিন দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফের দাবি, মামলায় যে অর্থ পাচারের কথা বলা হয়েছে তা অবৈধভাবে অর্জিত নয়, পাচারও করা হয়নি।

১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত লন্ডনে উচ্চতর ডিগ্রি অর্জনের সময় তিনি যে অর্থ আয় করেছিলেন তা পরে যুক্তরাজ্যের পুঁজিবাজারে বিনিয়োগ করেন। ওই অর্থই এত বছরে প্রায় সাড়ে ৯ কোটি ডলার হয়েছে বলে মোশাররফের দাবি।