আন্দোলনে পেশাজীবীদের রাজপথে চান খালেদা
বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছে দাবি করে ঈদের পর নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলনে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিএনপি সমর্থিত কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন। এতে অ্যাবের আহবায়ক আনোয়ারুন নবী মজুমদারসহ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষিবিদরা অংশ নেন।
খালেদা বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনার জন্য।
“তাই পেশাজীবীদের বলব, আসুন ঈদের পর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াইতে নামি।”
দেশের অবস্থা তুলে ধরে খালেদা বলেন, “দেশের মানুষ কী অবস্থায় আছেন, পেশাজীবীরা জানেন। এই সরকার জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না। তারা জোর করে অবৈধভাবে ক্ষমতায় বসেছে। দেশের মানুষ এদের ওপর অতিষ্ঠ হয়ে গেছে।”
ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত অথিতিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইবরাহিম খলিল, বিএডিসির সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শাহ মোহাম্মদ ফারুক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ ফারুক, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ আবদুল করীম ওয়াহিদী, অ্যাবের আহবায়ক আনোয়ারুন নবী মজুমদার প্রমুখ।
এছাড়া ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আ ন হ আখতার হোসেন, এমবিএ অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীর, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সেলিম ভুঁইয়া, জিয়া ফাউন্ডেশনের ফরহাদ হালিম ডোনার ইফতারে অংশ নেন।
অ্যাব নেতাদের মধ্যে ছিলেন এর সদস্য সচিব হাসান জাফরি তুহিন, কৃষিবিদ রাশেদুল হাসান হারুন, সৈয়দ গোলাম হাফেজ কেনেডি, সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শামসুর আলম তোফা,আসাদুজ্জামান কিটন প্রমুখ।
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন আর এ গনি, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, রুহুল আলম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আসাদুল করীম শাহিন, সুলতান সালাহউদ্দিন টুকু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ।
