আ.লীগ-বিএনপি মেরুকরণ সংকট বাড়িয়েছে: সেলিম
আওয়াম লীগ ও বিএনপি কেন্দ্রিক ‘দ্বি-দলীয় মেরুকরণ’ দেশের চলমান সঙ্কট আরো বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার সিপিবি কর্মীদের এক কর্মশালায় তিনি বলেন, “আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বৃত্ত দেশের চলমান সংকট আরো বাড়িয়ে দিচ্ছে।
“দেশের বর্তমান সঙ্কট আবারও প্রমাণ করেছে, বিকল্প রাজনীতির উত্থান ঘটানো ছাড়া সংকট কাটানো সম্ভব নয়। দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প বলয়ের প্রয়োজনীয়তা আরো তীব্র হয়েছে।”
রাজধানীর মুক্তিভবনে মৈত্রী মিলনায়তনে সিপিবি’র ঢাকা অঞ্চলের সাংগঠনিক কর্মশালার সমাপনী বক্তৃতায় সিপিবি সভাপতি বলেন, “বর্তমান সরকারের প্রতি জনগণের যেমন আস্থা নেই। তেমনি বিরোধী দল বিএনপি’র প্রতিও জনগণের আস্থা নেই। মানুষ এখন বিকল্প শক্তির উত্থান চায়।”
এসময় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানে তিনি কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান।
সিপিবি’র ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
এদিকে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, রমজান মাসে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত খাদ্যের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি ও বাসদ।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “ঈদকে সামনে রেখে মানুষের ভোগান্তি অনেক বেড়েছে। খাদ্যে ফরমালিনসহ ভেজালের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। সরকার ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তীব্র যানজটে দেশবাসী এখন নাকাল।
“শাসকশ্রেণীর দলগুলোর মানুষের প্রতি কোন দায় নেই, তাদের অবস্থান মানুষের বিরুদ্ধে। দুর্বৃত্তায়িত রাজনীতির কারণেই মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।”
তিনি বলেন, “জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে কোন টালবাহানা সহ্য করা হবে না। ২০ রমজানের আগেই শ্রমিক-কর্মচারিদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।”
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “শুধু খাদ্যে নয়, গণতন্ত্রেও এখন ভেজাল ঢুকেছে। নারায়ণগঞ্জের নির্বাচন প্রমাণ করেছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্রকে বাঁচাতে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রণের জন্য খাদ্যপণ্যের গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে। গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ার জন্য সরকার নানা ষড়যন্ত্র করছে। শ্রমিকরা ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে যাতে রাজপথে নেমে বিক্ষোভ করতে না পারে তার জন্যও নানা ষড়যন্ত্র চলছে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
