আর অহিংস নীতি নয়, এবার কঠিন আন্দোলন: হান্নান শাহ
ঈদের পরে গুলি করেও সরকার আন্দোলন দমন করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সংসদে সরকারের কথা-বার্তা শুনে মনে হচ্ছে- তারা অহংকারী হয়ে গেছে। মহাত্মা গান্ধীর অহিংস নীতি অনুসরণ করে আন্দোলন করলে এই সরকারকে হটানো যাবে না। রাজপথে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
“আমাদের নেত্রী বলেছেন, ঈদের পর আন্দোলন হবে। আমরা বলে দিতে চাই, অতীতের মতো এবার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুলিবর্ষণ করে আন্দোলনকে দমানো যাবে না।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে ‘নারায়ণগঞ্জ ও মীরপুরের কালশীসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ও সাধারণ মানুষের নিরাপত্তা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
ঈদের পর আন্দোলনে জোরদার হবে ঘোষণা দিয়ে হান্নান শাহ বলেন, “সবাইকে রাজপথে নামতে হবে। আমাদের কাছে অনেক ইস্যু আছে। এবার আর অতীতের মতো বিফল হলে চলবে না। সবাইকে সক্রিয় হতে হবে।”
“আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন চাই। এতে বাধা দেয়া হলে জনগণ বাধ্য হবে দূর্বার আন্দোলনের পথে যেতে।”
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ধামাচাপা দেয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “এই সরকার নানাভাবে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে। একটি ইস্যু এনে আরেকটি ঘটনাকে তারা ধামাচাপা দিয়েছে। নারায়ণগঞ্জের হত্যা ঘটনার মামলায় দেখবেন, কাকে শেষ পর্যন্ত আসামি করা হয়, কাকে বাদ দেয়া হয়। এভাবে সরকার নানা ঘটনাকে ধামাচাপা দিয়েছে।”
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের গণমাধ্যম সম্পর্কে করা মন্তব্যেরও নিন্দা জানান হান্নান শাহ।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
