২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতানুল কবীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সাংসদ ও চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের (দক্ষিণ) সহ-সভাপতি সুলতানুল কবীর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইয়েংর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে. “বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানুল কবীর চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।”

বাঁশখালী উপজেলার সাবেক এই সাংসদ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় মারা যান।

প্রধানমন্ত্রী তার শোক বিবৃতিতে বলেন, “সুলতানুল কবীর চৌধুরী ছিলেন দেশমাতৃকা ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ কর্মী। বাংলাদেশ আওয়ামী লীগের এই ত্যাগী নেতার অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকালে নিজ এলাকা বাঁশখালীর জলদিতে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার প্রথম জানাজা হবে। এরপর বিকালে নগরীর লালদীঘি মাঠে জানাজা শেষে গরিবউল্লাহ শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

সুলতানুল কবির চৌধুরী (৬৮) দুই সন্তানের জনক।

১৯৯১ সালে তিনি চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের পর চট্টগ্রাম আওয়ামী লীগকে সংগঠিত করতে যে কয়জন জ্যেষ্ঠ নেতা অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মধ্যে সুলতানুল কবীর অন্যতম।

পুরনো খবর:

আ.লীগ নেতা সুলতানুল কবিরের মৃত্যু