প্রথম আলোর অপপ্রচারে কাজ হয়নি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, নারায়ণগঞ্জে উপনির্বাচনে তার দলের প্রার্থীর বিরুদ্ধে প্রথম আলো অপপ্রচার চালালেও ভোটাররা তাতে বিভ্রান্ত হননি।
ভোটে দলীয় প্রার্থী সেলিম ওসমান জয়ী হওয়ায় নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানান এরশাদ।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে বিজয়ী সেলিম ওসমান।
সেলিমের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণের পর হাস্যোজ্জ্বল এরশাদ বলেন, “বহুদিন পর আজ প্রাণখুলে হাসলাম। জীবনে সুখ ছিল না, আনন্দ ছিল না। আজ জীবনে সুখ এসেছে, শান্তি এসেছে। নাসিমের কথা মনে পড়ছে। সে কখনো আমাকে ছেড়ে যায়নি।”
দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ বলেন, “প্রথম আলো অনেকদিন থেকেই আমার বিরুদ্ধে নেতিবাচক প্রপাগান্ডা চালাচ্ছে।
“নির্বাচনে সেলিমকে প্রার্থী করার পর প্রথম আলো, কামাল হোসেনরা নারায়ণগঞ্জে আমার প্রার্থীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ তাদের কথায় বিভ্রান্ত হয়নি, সেলিমকে জয়ী করেছে। এজন্য আমি নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানাই।”
সেলিম ওসমানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি সেলিমকে ধন্যবাদ জানাই। সে জাতীয় পার্টির সম্মান রেখেছে। সে অনেক পরিশ্রম করেছে।
“সেলিম, তোমাকে এগিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য নাসিমের অসমাপ্ত কাজ তোমাকে সমাপ্ত করতে হবে। আমি ও জাতীয় পার্টির মহাসচিব সবসময় তোমার পাশে থাকব।”
৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাসিম ওসমান। গত ৩০ এপ্রিল তার মৃত্যুর পর শূন্য এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রয়াতের ভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমানকে প্রার্থী করে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ নেতা এসএম আকরামকে ১৬ হাজার ৭৪২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
জাতীয় পার্টি কার্যালয়ে বক্তব্যে বিকেএমইএর সভাপতি সেলিম বলেন, “আমি রাজনীতিতে আসব কোনদিন কল্পনাও করিনি। আমি ব্যবসায়ী মানুষ, সবসময় ব্যবসা নিয়েই ব্যস্ত থেকেছি।
“কিন্তু আমার বড় ভাইয়ের অকাল মৃত্যুর পর যখন মাননীয় চেয়ারম্যান আমাকে বাবা সম্বোধন করে বললেন-এখন তোমাকে দায়িত্ব নিতে হবে, তখন আমি আর এক মুহূর্ত দেরি করিনি।”
নির্বাচনে জয়ী হওয়ার জন্য নারায়ণগঞ্জের সাধারণ ভোটার, জাতীয় পার্টির নেতা কর্মী, শ্রমিক সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান সেলিম।
“সবার সহযোগিতার কারণেই আমি জয়ী হতে পেরেছি। নারায়ণগঞ্জের মানুষ যে কারণে আমাকে বিজয়ী করেছেন, আমি তাদের আকাঙক্ষা পূরণে আপ্রাণ চেষ্টা করবো,” বলেন তিনি।
