বঙ্গবন্ধুকেও জমি দিয়েছি, জমির লোভ নেই: ইলিয়াস মোল্লা
‘বিহারি ক্যাম্পের’ ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেছেন, পারিবারিকভাবে তাদের এত জমি রয়েছে যে সম্পত্তির লোভ তার নেই।
মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে হামলা-সংঘাতে ১০ জনের প্রাণহানিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
“যে কোনো ঘটনা ঘটলেই স্থানীয় সাংসদকে দায়ী করা হয়। আমার নির্দেশ ছাড়া নাকি পাতাও নড়ে না। এ কোন খেলার মধ্যে আমি পড়লাম!”
সংসদে বাজেটের ওপর আলোচনার জন্য পাওয়া ১২ মিনিট সময়ের ১১ মিনিটই তিনি ব্যয় করেন কালশীর ঘটনায় আত্মপক্ষ সমর্থনে নিজের কথা বলে।
ইলিয়াস মোল্লা বলেন, “বিহারিদের জমি দখল করতেই নাকি এই ঘটনা ঘটিয়েছি, আমার বিরুদ্ধে এমন অভিযোগও করা হচ্ছে।আমার জমির কোনো লোভ নেই। আমাদের সম্পত্তি অন্য মানুষ খায়। বঙ্গবন্ধুকে আমরা জমি দিয়েছি।
“আমার বাবা হারুণ মোল্লাকে বঙ্গবন্ধু বলল, ‘জমি লাগবে, রক্ষী বাহিনীর ক্যাম্প করব’। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই আমার বাবা বঙ্গবন্ধুকে জায়গা দিয়ে দিয়েছিলেন। জায়গা পেয়ে বঙ্গবন্ধু বললেন, ‘টাকা দিতে পারব না’। আমার বাবা বলেছিলেন, জায়গা পছন্দ হয়েছে, নিয়ে যান।”
এই হতাহতের ঘটনায় ইলিয়াস মোল্লার ইন্ধন রয়েছে বলে বিএনপিসহ বিভিন্ন মহলের অভিযোগ থাকলেও এর আগেও সংসদে বিবৃতি দিয়ে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি।
“উঠে আমার এলাকায় মানুষ মারা গেছে বলে খবর পাই। পুলিশ প্রশাসন ও গণ্যমান্যদের সঙ্গে আলোচনা করে ১০ জন মারা গেছে বলে খবর পাই।”
তাকে দোষারোপ করে গণমাধ্যমে বিভিন্ন ধরনের ‘গল্প’ প্রচার করা হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “বিএনপির ফখরুল ইসলাম আলমগীর ও রফিকুল ইসলাম মিয়া আমার বিরুদ্ধে কথা বলেছেন।
“আমার বিরুদ্ধে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে, তারাও গরম তেলে ঠাণ্ডা পানি ছিটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করেছেন। সব বদনাম আওয়ামী লীগের ঘাড়ে দিয়েছেন।”
কালশীর ঘটনার তদন্ত প্রতিবেদনে যদি কোনো দোষ প্রমাণিত হয়, তা মেনে নেয়ার অঙ্গীকারও করেন ইলিয়াস মোল্লা।
