২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবির ফেল করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার  

পরীক্ষায় ফেল করায় ভাংচুরের ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সবুজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 07:40 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক দেলোয়ার রহমান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান সবুজ ৪র্থ বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষায় ফেল করায় সোমবার বিকালে তার সমর্থকরা ব্যাবসায় প্রশাসন বিভাগে ভাংচুর চালায়।

এ বিষয়ে ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রকাশ করে।

পাবনা বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান সবুজ ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হন।

সোমবার বিকালে এ ফল প্রকাশ হলে তার সমর্থক কয়েকজন শিক্ষার্থী ব্যাবসায় প্রশাসন বিভাগে ব্যাপক ভাংচুর করে। তারা ওই বিভাগের বিভিন্ন দরজা-জানালার কাচ ও কয়েকটি কম্পিউটার ভাংচুর করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার নিয়ে যায়।

পরে অবশ্য নিয়ে যাওয়া মালামাল অফিসে ফেরত দেয় বলে জানান মাহদী।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক দেলোয়ার রহমান দিপু বলেন, গত সোমবারের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। তাকে আজীবনের জন্যে ছাত্রলীগের রাজনীতি থেকে বহিষ্কার করা হয়েছে।