২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জড়িত র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি বিএনপির

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আটক র‌্যাব দুই কর্মকর্তার স্বীকারোক্তিতে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকসহ যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

সাত খুনের ঘটনায় আটক র‌্যাবের সাবেক কর্মকর্তা আরিফ হোসেন তিন দফা জিজ্ঞাসাবাদ শেষে গত ৪ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরদিন জবানবন্দি দেন তার আরেক সহকর্মী এম এম রানা।

বিএনপি নেতা রিজভী বলেন, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের স্বীকারোক্তিতে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানসহ যাদের নাম এসেছে, তাদের এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এতে গোটা জাতি স্তম্ভিত।

“আমরা মনে করি, যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তার না করা ন্যায় বিচারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও রাষ্ট্রকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, “এতো অভিযোগ থাকার পরও বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গুম-অপহরণ ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের মহানায়ক র‌্যাবের কর্নেল জিয়াউল হাসানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আর কত মায়ের কোল খালি হবে? আর কত মানুষ নিঃশব্দ বেদনায় গুম-খুনের ভয়ে দিনরাত্রি যাপন করবে?”

রিজভী বলেন, “৭ খুনের ঘটনায় জড়িত মেজর আরিফ ও নৌ বাহিনীর কর্মকর্তা এম এম রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজেদের দোষ স্বীকার করে হুকুমদাতাদের নাম প্রকাশ করেছেন।

“তাদের জবানবন্দির ওই তালিকায় র‌্যাবের কর্নেল জিয়াউল আহসান ও একজন গডফাদারের নামও পত্রিকায় ফলাওভাবে প্রকাশ করা হয়েছে।”

নারায়ণগঞ্জের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে আড়ালে রেখে কোনো কার্যসিদ্ধি হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “স্বীকারোক্তিতে কর্নেল জিয়াসহ অপরাধীদের নাম আসার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি, এটা রহস্যজনক। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বিষয়টি জনগণকে জানানো।”

তিনি বলেন, “৫ জানুয়ারি তামাশার নির্বাচনের মাধ্যমে পাওয়া ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা আরো বেশি নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছে। স্বৈরতান্ত্রিক শাসকরা যা করেন, তিনিও তা করছেন। কিন্তু এতে লাভ হবে না।”

রিজভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জের বন্দর ও নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্বাচনের আগের দিন পুলিশ বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করছে। তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ইউনূস-আলী রীয়াজদের ব্যর্থ বলতে বাধা কোথায়, প্রশ্ন জিয়া হায়দারের
৭ খুনের ‘দোষ স্বীকার’ র‌্যাবের আরিফের