২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পথে যেতে বাধ্য করবেন না: হান্নান শাহ

‘বৈধভাবে’ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যে উস্কানি রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 06:55 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

“জনগণকে অবৈধ পথে যেতে বাধ্য করবেন না। তাহলে এর দায় আপনাদের ওপরই বর্তাবে,” রোববার এক আলোচনা সভায় বক্তব্যে সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।

শনিবার আওয়ামী লীগের এক সভায় আশরাফ দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছিলেন, “শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে অথবা বৈধভাবে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই। সুতরাং অবৈধভাবে বাংলাদেশের বিশাল একটা অংশ এটা করার চেষ্টায় লিপ্ত।”

গত ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে আসছে বিএনপি।

হান্নান শাহ বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে তারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এখন সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলছেন, বৈধভাবে তাদের ক্ষমতাচ্যুত করা যাবে না!”

দশম সংসদ নির্বাচন বয়কটকারী বিএনপি নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন চেয়ে আসছে। সে লক্ষ্যে সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান হান্নান শাহ।   

“সম্প্রতি ভারতে নির্বাচন হয়ে গেছে। যে কাকা বাবুর দোহাই দিয়ে শেখ হাসিনার সরকার চলত, সেই অবস্থা আর নেই। সরকারকে বলব, যত কাকা বাবু বলেন না কেন, গণবিস্ফোরণ হলে আপনারা পালাবার পথ পাবেন না।”

র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ বলেন, “সামরিক বাহিনীর সদস্য হিসেবে আমার লজ্জা লাগে। খবর প্রকাশ হয়েছে- নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র‌্যাবের ২০ জন সামরিক বাহিনীর সদস্য ও তিনজন পুলিশ বাহিনীর সদস্য জড়িত ছিলেন। কারা তাদের মদদ নিয়েছে, তা বের করতে হবে।”

সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট বিলুপ্তির বিভিন্ন নজির তুলে ধরে পুলিশের অধীন বিশেষ বাহিনী র‌্যাবেরও বিলুপ্তি দাবি করেন তিনি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরামের যে আলোচনা সভায় হান্নান শাহ বক্তব্য রাখেন, তা খালেদা জিয়া ও তারেক রহমান বিরুদ্ধে ‘অপপ্রচার ও কটূক্তির’ প্রতিবাদে আয়োজন করা হয়।

হান্নান শাহ বলেন, “ক্ষমতাসীনরা সর্বক্ষণ শহীদ জিয়া ও তার পরিবারের সদস্যদের কটাক্ষ করে মিথ্যাচার করে যাচ্ছে। কিন্তু আমি নিজে দেখেছি, শহীদ জিয়া কখনোই মরহুম শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে কথা বলেননি। এ হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চারিত্রিক তফাৎ।”

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ‘র সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

পুরনো খবর:

সতর্ক থাকুন- দলের নেতা-কর্মীদের প্রতি আশরাফ