২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক থাকুন- দলের নেতা-কর্মীদের প্রতি আশরাফ

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ষড়যন্ত্র ক্রিয়াশীল দাবি করে তা ঠেকাতে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 11:21 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

তিনি বলেছেন, “শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে অথবা বৈধভাবে ক্ষমতাচ্যুত করার কোনো সুযোগ নেই। সুতরাং অবৈধভাবে বাংলাদেশের বিশাল একটা অংশ এটা করার চেষ্টায় লিপ্ত। আপনারা সতর্ক থাকলে এটা করতে পারবে না।”

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন আশরাফ।

সভায় বক্তব্যে প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে তিনি বলেন, বাজেট রাজনৈতিক সরকারের অর্থনৈতিক দর্শন। ফলে কোনো রাজনৈতিক দলের বাজেট শতভাগ মানুষ সমর্থন করবে না, এটাই স্বাভাবিক।

“অনেকে বিদেশি টাকায় এখানে (বাংলাদেশে) সংগঠন তৈরি করেছেন। তারা আসলে রাজনীতিও বোঝে না, অর্থনীতিও বোঝে না। তারা আসলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।”

বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কোনো প্রস্তাব থাকলে অর্থমন্ত্রীর কাছে তা দেয়ার পরামর্শ দেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, “বাজেট দেয়ার পর হৈ চৈ শুরু হয়েছে, যেন বাংলাদেশ গোল্লায় গেল। অথচ গত ৩০ বছরে কালো টাকা সাদা করার সুযোগ ছিল, তাতে দেশ গোল্লায় যায় নাই।”

স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি নিয়ে তারেক রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আশরাফ বলেন, “অনেকে স্বাধীনতার মামা, খালু, ভাই দাবি করতেন, এটা কমে গেছে।

“কারণ মানুষ যখন অন্ধকারে থাকে, তখন তাদের সবকিছু বোঝানো সম্ভব। কিন্তু অবারিত আলো থাকলে সেটা সম্ভব নয়। সত্য কোনোদিনই অসত্যের কাছে পরাজিত হয়নি, হবেও না।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাহারা খাতুন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, হাবিবুর রহমান সিরাজ, বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আবদুস সোবহান গোলাপ, এম এ আজিজ, প্রমুখ।