২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজাম হাজারীর সংসদ সদস্যপদ নিয়ে আদালতের প্রশ্ন

উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ড নিয়ে চাপের মধ্যে থাকা ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে এক রিট আবেদনে রোববার আদালত জানতে চেয়েছে, ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না?

কোন কর্তৃত্ব বলে নিজাম হাজারী সংসদ সদস্য পদে রয়েছেন, তাও জানাতে চেয়েছে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ।

জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নিজাম উদ্দিন হাজারী, কারা মহাপরিদর্শক, চট্টগ্রামের জ্যেষ্ঠ কারাধ্যক্ষকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ভুঁইয়া রিট আবেদনটি করেন। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারীর দাবি, নিজাম হাজারীর তথ্য গোপনের কথা ফাঁস করায় খুন করা হয় ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান একরামকে।

ফুলগাজীর আওয়ামী লীগকর্মীরা একরাম হত্যাকাণ্ডের জন্য নিজাম হাজারীকে দায়ী করে এলেও তিনি এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

Image
একরামুল হক স্মরণে ফেনী শহীদ মিনারে শনিবার জেলা আওয়ামী লীগের সভায় সংসদ সদস্য নিজাম হাজারী।

একরামুল হক স্মরণে ফেনী শহীদ মিনারে শনিবার জেলা আওয়ামী লীগের সভায় সংসদ সদস্য নিজাম হাজারী।

প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া নিজাম হাজারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি অস্ত্র মামলায় সাজা কম খেটে বেরিয়ে এসেছেন এবং সে তথ্য নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় গোপন করেছেন।

নিজাম হাজারীর সাজা খাটা বিষয়ক নথিপত্র ৩০ দিনের মধ্যে দাখিল করতে কারা মহাপরিদর্শক ও চট্টগ্রাম কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

‘অস্ত্র মামলায় নিজাম উদ্দিন হাজারীর ১০ বছর কারাদণ্ড/সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত ১০ মে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “এই ঘটনা সত্যি হলে তিনি (নিজাম হাজারী) সংসদ সদস্য পদে থাকতে পারেন না।”

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, একটি অস্ত্র মামলায় নিজাম হাজারীর ১০ বছর কারাদণ্ড হয়েছিল। ২ বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনালে ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ১০ বছর এবং ১৯(চ) ধারায় সাত বছরের কারাদণ্ড হয় নিজাম হাজারীর।

নিয়ম অনুসারে রায়ের আগে পরে মিলিয়ে ১০ বছর পূরণ হওয়ার আগেই ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে বেরিয়ে আসেন ফেনী জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

পুরনো খবর:

বিএনপি ও হাজারীকে দুষলেন সাংসদ নিজাম
শোকসভা বর্জন করে অবরোধ একরাম সমর্থকদের