২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকসভা বর্জন করে অবরোধ একরাম সমর্থকদের

ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভা বর্জন করে ফুলগাজীতে সড়ক অবরোধ করেছে নিহত উপজেলা চেয়ারম্যান একরামুল হকের সমর্থকরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 09:45 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

তাদের অবরোধের কারণে শনিবার বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত ফেনী-পরশুরাম সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। অবরোধকারীরা সরে গেলে চলাজল স্বাভাবিক হয় বলে পুলিশ জানিয়েছে।

ফুলগাজীতে যখন অবরোধ চলছিল, তখন জেলা শহরে শহীদ মিনারে একরামের শোকসভা করে জেলা আওয়ামী লীগ, যাতে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীও ছিলেন।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে গুলির পর গাড়িসহ পুড়িয়ে হত্যার পরিকল্পনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীও জড়িত বলে অভিযোগ নিহতের সমর্থকদের।

একরাম সমর্থকরা শোকসভা বর্জন করে একরাম সমর্থকরা ফুলগাজীর পুরাতন মুন্সীর হাট, নতুন মুন্সীর হাট, ফুলগাজী বাজারসহ ৮-১০টি স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। সড়কের একাধিক স্থানে আগুনও জ্বালায় তারা।

ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে সন্ধ্যা ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে নিজাম হাজারী শোকসভায় বলেন, একরাম হত্যাকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান।

“আমি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বুঝি না; একরাম হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সকলের বিচার করতে হবে, সকলকে ফাঁসির মঞ্চে দেখতে চাই।”

ফুলগাজীতে অবরোধকারীদের বিএনপি-জামায়াতের লোক দাবি করে নিজাম হাজারী বলেন, “সভায় আসতে যারা ফুলগাজীতে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে বাধা দিয়েছে, তারা কারা সকলকে বুঝতে হবে। তারা বিএনপি-জামায়াত ছাড়া অন্য কেউ নয়।”

এই শোকসভায় ফেনীর বিভিন্ন উপজেলা ছাড়াও নোয়াখালীর বসুরহাট, মাইজদী, চৌমুহনীর আওয়ামী লীগ নেতারাও যোগ দেন।

নিজাম হাজারী বলেন, “ষড়যন্ত্রকারীরা এই খুনের সাথে আমাকে জড়িয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় মিথ্যা তথ্য দিচ্ছেন। তদন্তে যদি এই খুনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, আমাকেও আইনের আওতায় আনা হোক।”

“নিজাম হাজারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না,” হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহানার বেগম সুরমা, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান প্রমুখ।

তিন আসামির স্বীকারোক্তি

একরাম হত্যা মামলায় রিমান্ডে থাকা তিন আসামি হত্যার দায় স্বীকার করে শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এরা হলেন-জাহিদুল ইসলাম সৈকত (২২), শাহজালাল শিপন (২২) ও সাজ্জাদুল ইসলাম পাটোয়ারি সিফাত (২৩)।

পুলিশ জানায়, বিচারক খাইরুল আমিনের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

এই তিনজনই সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন বলে একরাম খুন হওয়ার চার দিন পর ঢাকা থেকে তাদের গ্রেপ্তারের সময় র‌্যাব বলেছিল।

এই মামলার দুই আসামি জাহিদুল ইসলাম ও মীর হোসেনকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতে হাজির করে আরো পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

একরাম হত্যার মামলায় এই পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুরনো খবর:

ফেনীতে একরাম হত্যার ‘পরিকল্পনায়’ আওয়ামী লীগ নেতা
বিএনপি ও হাজারীকে দুষলেন সাংসদ নিজাম