২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম ক্ষমা চেয়ে নিলেন শামীম ওসমান

ভাই নাসিম ওসমানের শোক প্রস্তাব নিয়ে সংসদে আলোচনায় নিজে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে আগাম ক্ষমা চেয়ে নিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার সংসদে আলোচনায় দাঁড়িয়ে ওসমান পরিবারকে নিয়ে প্রথম আলো’র অপপ্রচারের সমালোচনাও করেন তিনি।   

শামীম বলেন, “বোমা হামলায় মরি নাই, এক্সেটেনশন লাইফ আছে। কিভাবে মরব, ঠিক জানি না। স্বাভাবিক হবে না অস্বাভাবিক মৃত্যু হবে, জানি না...

“খুনি তো চারদিকে ঘোরে, কার গুলিতে মরব, সেটাও বুঝি না। যদি মৃত্যু হয়, আপনাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম, ভুল থাকে তো মাফ করে দেবেন।”

তানভীর মোহম্মদ ত্বকী হত্যাকাণ্ড নিয়ে এই স্কুলছাত্রের বাবার অভিযোগের মুখে থাকা শামীম সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এর আগেও নিজের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিলেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে এই পরিবারের অবদান তুলে ধরে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নারায়ণগঞ্জের ওসমান পরিবার ‘অপপ্রচারের’ শিকার দাবি করে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শোক প্রস্তাবের আলোচনায় বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর যে অপশক্তির উত্থান হয়েছে, আজ দেশের উন্নয়নে তারাই বাধাগ্রস্ত করার পরিবেশ সৃষ্টি করছে। তারই একটি ঘটনাস্থল নারায়ণগঞ্জ, সেই অপশক্তিরাই ওসমান পরিবারকে কলঙ্কিত করতে চায়।”

আওয়ামী লীগ নেতা শামীম বলেন, রাজনীতিতে মানুষের ভালোবাসা পেলেও মৃত ভাইকে নিয়ে কিছু লোকের ‘অপপ্রচার’ তার পরিবারকে ব্যথিত করেছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“কষ্ট লাগে যখন আমার মৃত ভাইকে নিয়ে ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দুনিয়ার কোনো খবরই আমার কাছে ছিল না, তখন কিছু লোক তাকে নিয়ে অপপ্রচার করে..মৃত ভাইকে জড়িয়ে কেন লেখা হচ্ছে...ওই প্রথম আলো মার্কা পত্রিকার ভেতরে একের পর এক কেন লেখা হচ্ছে..এ নিয়ে আলোচনা করা যাবে।”

জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান গত ৩০ এপ্রিল ভারতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা যান।

“শেষ জীবনে তিনি একটু কষ্ট পেয়ে গেছেন,” বলে প্রয়াত ভাইয়ের জন্য দোয়া চান শামীম।

নাসিম ওসমান যেদিন মারা যান, নারায়ণগঞ্জে অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনের লাশ সেদিন উদ্ধার করা হয়।

এরপর ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে শামীমের টেলিফোনে কথপোকথনের বিষয়টি প্রথম আলোতে প্রথম প্রকাশিত হয়।

সাত খুনের আসামিদের সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করে আসা শামীম সংসদে প্রথম আলোকে ইঙ্গিত করে বলেন, “বলতে চাই...আমরাও তো মানুষ। আমাদের স্বজন মরলে আমাদেরও কষ্ট হয়। আমাদের রক্ত তো রক্ত।

“মানসিকভাবে এ নির্যাতনগুলো আমাদের পরিবারের সদস্যরা মেনে নিতে পারে না। আমি তো মেনে নেবই না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করিনি, করবোও না।”

পুরনো খবর:

শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি ত্বকী মঞ্চের
একটি পরিবারের কাছে জিম্মি নারায়ণগঞ্জের মানুষ: আইভী
ফোনালাপের কথা স্বীকার, জীবন নিয়ে শঙ্কা শামীম ওসমানের
শামীম ওসমান যা বললেন
শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপ