রাস্তা কেটে নিজের জমিভুক্ত করলেন ছাত্রলীগকর্মী
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি সরকারি রাস্তা কেটে নিজের জমিতে অন্তর্ভুক্ত করেছেন স্থানীয় এক ছাত্রলীগ কর্মী।
রামগঞ্জ মডেল কলেজ সংলগ্ন সাতারপাড়া-নন্দনপুর সড়কের একটি অংশ গত মঙ্গলবার কেটে নিয়েছেন মো. বাবলুর রহমান টিটু নামের ওই ছাত্রলীগ কর্মী।
দিনের বেলা এ কাজ করার সময় এলাকার লোকজন দেখলেও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস দেখাননি। এ সময় পৌর মেয়রকে অভিযোগ দিলেও তিনি কিছু করতে পারেননি।
এলাকাবাসী জানান, রামগঞ্জ মডেল কলেজের পশ্চিম পাশের এ সড়ক দিয়ে কয়েকশ বছর ধরে স্থানীয় হিন্দু পরিবারের লোকজন চলাচল করে আসছেন।
দুই দশক আগে স্থানীয়রা পাশের খাল ও গর্ত ভরাট করলে তার পাশে স্থাপিত হয় রামগঞ্জ মহিলা কলেজ, যা পরে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ নামকরণ হয়।
এ রাস্তা দিয়ে গ্রামের লোকজনসহ রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন।
২০০৩ সালে জেলা পরিষদের অর্থায়নে সড়কটিতে ইট বিছানো হয়। পরে মানুষের যাতায়াত বেড়ে গেলে এবং লোকবসতি বেড়ে গেলে সড়কটির গুরুত্ব আরো বেড়ে যায়।
তাই একই বছর আবারো সরকারি বরাদ্দের অর্থ দিয়ে সংযোগ সড়কে একটি সেতু নির্মাণ করা হয়।
এ অবস্থায় মঙ্গলবার হঠাৎ ওই সড়কটি নিজের জমিতে দাবি করে সাতারপাড়া গ্রামের প্রয়াত আবদুল মতিনের ছেলে টিটু সড়কটি শ্রমিক দিয়ে কেটে জমির সঙ্গে মিশিয়ে দেন।
বিষয়টি গ্রামবাসী রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদকে লিখিতভাবে জানান।
রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহম্মেদ বলেন, “আমার কাছে এ ব্যাপারে একটি অভিযোগ করা হলে আমি স্থানীয়ভাবে তা সরেজমিনে মাপজোখ ও তদন্ত করে সমাধান করার জন্য কয়েকজনকে দায়িত্ব দিয়েছি।”
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চেষ্টা করেছি বিষয়টি সমাধানের জন্য। চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।”
এ ব্যাপারে বাবলুর রহমান টিটু ওই সড়কের মালিকানা দাবি করে বলেন, “আমার সম্পত্তিতে আমি ব্রিজ করেছি, সলিন করেছি। এখন আমার জমির প্রয়োজন, তাই আমি রাস্তা কেটে আমার জমির সাথে সমান করেছি।”
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম খোকা পাটওয়ারী বলেন, “এখানে অনেক পুরনো রাস্তা থাকায় সরকারি অর্থ বরাদ্দ দিয়ে আমরা ব্রিজ ও ইটের সলিন করে দিয়েছি।”
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম বলেন, “ভুক্তভোগীরা আমাকে জানাননি। অভিযোগ পেলে সে যেই হোক আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ শামছু জানান, টিটু ছাত্রলীগ নেতা।
তিনি ছাত্রলীগের কোন পদে আছেন জানতে চাইলে তিনি বলেন, সব নেতার পদ থাকতে হবে এমন তো নয়।
