এরশাদের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব বিবরণী জমা না দেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার বিকালে ইসির এ সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা নিতে আটজন রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব মিজানুর রহমান।
লালমনিরহাট, বরিশাল, শেরপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপালনকারী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী মামলার এ নির্দেশ দেয়া হয়।
দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় রিটার্ন দাখিল না করায় মামলা দায়ের করার ‘বিষয়টি অতীব জরুরি’ বলে উল্লেখ করে এ চিঠি দেন ইসি কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী (বিনা প্রতিদ্বন্দ্বিসহ) নির্ধারিত সময়ের মধ্যে স্ব স্ব নির্বাচনী ব্যয় বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয় নি এবং নির্ধারিত সময়ের পর (গেজেট প্রকাশের ৩০ দিন পর) দাখিল করেছেন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য ইসি নির্দেশ প্রদান করেছে।
চিঠিতে ইসির নির্দেশ অনুযায়ী মামলা দায়ের করে কমিশনকে অবহিত করার তাগিদও দেন মিজানুর রহমান।
গণপ্রতিনিধিত্ব আদেশ-এর ৭৪ ধারা অনুযায়ী, ব্যয় বিবরণী দাখিলে ব্যর্থ হলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
ফাইল ছবি
সে হিসাবে ৭ ফেব্রুয়ারি রিটার্ন জমা দেয়ার শেষদিন ছিল। ওইদিন শুক্রবার থাকায় ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমার সময় পান তারা।
ইসি কর্মকর্তারা জানান, জাপা চেয়ারম্যানসহ ৮ জন প্রার্থী হিসাব জমাই দেননি।
এছাড়া ৭ ফেব্রুয়ারির মধ্যে রিটার্ন দেয়ার বাধ্যবাধকতা বিবেচনায় ডেপুটি স্পিকার ও প্রধান হুইপসহ আরো ২৪ জন ‘নির্ধারিত সময়ে’ রিটার্ন জমা দিতে ব্যর্থ হিসাবে সনাক্ত করা হয়েছিল। তবে ছুটির দিনের বিবেচনায় ৯ ফেব্রুয়ারিকে শেষ সময় ধরায় ১৬ জন প্রার্থী পার পেয়ে যাচ্ছেন।
একজন সাংসদসহ এসব নির্বাচনী এলাকার ১৬ জনের বিরুদ্ধে এখন মামলা হবে।এর বাইরে এক প্রাথী মারা গেছেন এবং কুমিল্লা-৫ আসনের এক প্রার্থীর বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করা হয়েছে।
যারা রিটার্ন জমা দেননি
কুমিল্লা-৫ আসনের সফিকুর রহমানের বিরুদ্ধে আরপিও ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৯ এপ্রিল বুড়িচং থানায় মামলা (নম্বর ৫৫) রুজু করা হয়েছে।
ইসির তথ্য মতে, লালমনিরহাট-১ আসনের পরাজিত প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এ আসনে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলেও যথাসময়ে রংপুর-৩ আসনে জয়ী হয়ে রিটার্ন দেন এ সাংসদ।
টাঙ্গাইল-৮আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।
এছাড়া রয়েছেন পরাজিত প্রতিদ্বন্দ্বি লক্ষ্মীপুর-১ মাহমুদুর রহমান মাহমুদ, লক্ষ্মীপুর-৪ এ কে এম শরিফ উদ্দিন ও বেলাল হোসেন, বরিশাল-৪ শেখ জয়নাল আবেদীন, শেরপুর-৩ হেদায়েতুল ইসলাম ও এস এম আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ-৫ মোহাম্মদ আশরাফ হোসেন।
সময়ের পরে যারা জমা দিয়েছেন
ইসির নির্ধারিত সময়ের পরে, ১০ ফেব্রুয়ারি ব্যয় বিবরণী জমা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সাংসদ তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারি।
এছাড়া রয়েছেন পরাজিত প্রার্থী লালমনিরহাট-১ আসনের ছাদেকুল, ময়মনসিংহ-৭ হাফেজ রুহুল আমিন, মুন্সিগঞ্জ-২ মো. আবদুল ওয়াদুদ, সুনামগঞ্জ-৩ আজিজুস সামাদ আজাদ, চট্টগ্রাম-৪ দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-৯ আলী আহমদ নজির ও আবু হানিফ।
ইসি কর্মকর্তারা জানান, দশম সংসদ নির্বাচনের পর ৩শ’ নির্বাচনী এলাকার মধ্যে ৮ জানুয়ারি ২৯০টি, ১৮ জানুয়ারি ৭টি, ২৬ জানুয়ারি একটি (উপনির্বাচন) ও ৩০ মার্চ দুটি নির্বাচনী এলাকার ফলাফল সরকারি গেজেটে প্রকাশ করা হয়।
দশম সংসদে এবার ৫৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
