কাপাসিয়ায় আ. লীগের সংঘর্ষ, আহত ১৫
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ সময় ব্যাংকসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেলে ভাংচুর চালানো হয়।
পুলিশ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ১২ জনকে আটক করেছে।
সংঘর্ষের জেরে সন্ধ্যায় কয়েকজন যুবক একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস ও কাপাসিয়া ডাক বাংলো উদ্বোধন উপলক্ষ্যে সকালে কাপাসিয়া বাজার এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম দর্জী জানান, বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ তার সমর্থিত ছাত্রলীগ কর্মীদের নিয়ে স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষ্যে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়া বাজার এলাকায় একটি মিছিল বের করেন।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাউথ-ইস্ট ব্যাংকের নিচে এসে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুহাম্মদ শহীদুল্লাহ ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি মিছিল ওই সমাবেশের পাশ দিয়ে যাবার সময় দুপক্ষের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে উভয়পক্ষের নেতা-কর্মীদের মাঝে সংর্ঘষ বেধে যায়।
সংঘর্ষে যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জী, আরিফ, দৈনিক বর্তমান পত্রিকার স্থানীয় সাংবাদিক বেলায়েত হোসেন শামীমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এরমধ্যে আহত সাখাওয়াত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কাপাসিয়া-রানীগঞ্জ, কাপাসিয়া-চাঁদপুরসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও পথচারীরা আতংকিত হয়ে ছোটাছুটি করে এবং দোকান-পাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে এবং আরিফসহ তার গ্রুপের ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আহসান উল্লাহ আরো জানান, আটককৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ, কায়ছার, ছাত্রলীগ-যুবলীগের মাহবুবুল আলম, রাশেল, অলক কুমার দাস, সায়েম, বিপ্লব, রাসেল, রাজিব, রাকিব ও ফরহাদ।
পুলিশ আটককৃতদের একটি লেগুনায় উঠিয়ে থানায় নিয়ে যাবার সময় প্রতিপক্ষ কর্মীরা গাড়ীতে হামলা করে। এসময় কাপাসিয়া থানার ওসিসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগ
পরে স্থানীয়রা ধাওয়া করে ঘটনা দেখতে আসা দুযুবককে আটক করে গণধোলাই দেয়।
পুলিশ গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শ্রীপুর থানার এসআই আল আমিন জানান, ৫টি মোটরসাইকেলে এসে ওই যুবকরা এ ঘটনা ঘটিয়েছে।
কাপাসিয়া কালিগঞ্জ সার্কেলের এএসপি শাহরিয়ার আল মামুন জানান, সংঘর্ষে থানার ওসিসহ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
