৭ খুন: সরকারের পদক্ষেপে সন্তোষ বিরোধীদলীয় নেতার
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ জানিয়ে ফল পেতে সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বলেছেন, “দোষীদের গ্রেপ্তারের ব্যাপারে সরকার তো চেষ্টা করছে। এ বিষয়ে সবারই সিনসিয়ারিটি আছে। আমাদের অপেক্ষা করতে হবে।”
সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির নেত্রী একথা বলেন।
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারপারসন ইয়ান জুনকির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে ওই হোটেলে বৈঠক করেন তিনি।
নারায়ণগঞ্জে সাত খুনের কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার তার কঠোর সমালোচনা করে আসছে বিএনপি। পাশাপাশি এই ঘটনায় অভিযোগের মুখে থাকা র্যাবের বিলুপ্তিও চেয়েছে তারা।
র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার না করারও দাবি জানিয়ে আসছেন সাবেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ফাইল ছবি
তারেক সাঈদের সঙ্গে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আত্মীয়তার বিষয়ে নির্বাচনকালীন সরকারের মন্ত্রী রওশন বলেন, “মন্ত্রী মহোদয় (মায়া) নিজেও তো বলেছেন তদন্তের বিষয়ে তিনি সহযোগিতা করবেন।”
র্যাব বিলুপ্তির যে দাবি উঠছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,এটা কোনো সমাধান নয়।
