২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবকে দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার: খালেদা

নারায়ণগঞ্জের সাত খুনের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 01:36 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

র‌্যাব বিলুপ্তির দাবি তুললেন খালেদা

মঙ্গলবার তিনি নারায়ণগঞ্জে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, “সরকার র‌্যাব দিয়ে এই খুন করিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।”

র‌্যাবের বিলুপ্তির দাবি আবার জানিয়ে এই হত্যাকাণ্ডে অভিযোগের মুখে থাকা এই বাহিনীর সাবেক তিন সদস্যের গ্রেপ্তারও দাবি করেন খালেদা।

এই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে নারায়ণগঞ্জবাসীকে আন্দোলনে নামতে বলার পাশাপাশি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অপহৃত কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনের লাশ উদ্ধারের ১৩ দিন পর মঙ্গলবার নারায়ণগঞ্জ যান বিএনপি চেয়ারপারসন।

খালেদাকে নিয়ে নারায়ণগঞ্জ বিএনপি বুধবার সমাবেশ করতে চাইলেও সিটি কর্পোরেশনের অনুমতি না মেলায় একদিন আগে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ পৌঁছে বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ায় কাউন্সিলর নজরুলের বাড়িতে যান খালেদাসহ বিএনপি নেতারা।

সেখানে নজরুলের সঙ্গে নিহত যুবলীগকর্মী মনিরুজ্জামান স্বপন, তার গাড়িচালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম, যুবলীগকর্মী সিরাজুল ইসলাম লিটনের পরিবারের সদস্যরাও ছিলেন।

নিহতদের পরিবারকে সান্ত্বনা দেয়ার পর খালেদা র‌্যাবের বিলুপ্তি দাবি করে সাংবাদিকদের বলেন, “এ বাহিনী জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। এদের আর প্রয়োজন নেই।

“র‌্যাব যতদিন থাকবে ততদিন মানুষের মনে আতঙ্ক থাকবে। মানুষ শান্তিতে থাকবে না।”

বিএনপি ক্ষমতায় থাকাকালে গঠিত র‌্যাবের বিলুপ্তির দাবি খালেদা জিয়া এখন তুললেও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তা নাকচ করেছেন।

বিএনপি দাবি করে আসছে, র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।

সাত খুনসহ নারায়ণগঞ্জে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই খুনের বিচার হতেই হবে। খুনিদের বিচারের জন্য নারায়ণগঞ্জবাসীকে আন্দোলনে নামতে হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন-গুম বন্ধে সরকার ‘ব্যর্থ’ হয়েছে দাবি করে তিনি বলেন, “অবিলম্বে পদত্যাগ করুন, না হলে দেশের মানুষ রাস্তায় নেমে আসবে। তারাই আপনাদের পতন ঘটাবে।”

খালেদার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমদ, আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

নজরুলের বাড়ি থেকে বেলা পৌনে ১টায় জালকুড়ি বৃষ্টিধারা এলাকায় আইনজীবী চন্দন সরকারের বাসায় যান। সেখানে তার গাড়িচালক নিহত মো. ইব্রাহিমের পরিবারের সদস্যরাও ছিলেন।

খালেদা সেখানে বলেন, “অবিলম্বে এই খুনের জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে।”

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম দাবি করেছেন, সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন (পরে অব্যাহতি পাওয়া) র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

তার অভিযোগের পর র‌্যাব-১১ এর তৎকালীন অধিনায়কসহ তিন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সামরিক বাহিনীর এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে হাই কোর্ট।  

খালেদা নিহতের স্বজনদের সান্ত্বনা দিয়ে বলেন, “সরকার এই খুনের বিচার করতে না পারলে বিএনপি ক্ষমতায় এলে বিচার করবে।”

এরপর নারায়ণগঞ্জ থেকে বেলা ২টায় ঢাকার পথে রওনা হন খালেদাসহ বিএনপি নেতারা।

সকালে খালেদা নারায়ণগঞ্জ পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে তাকে স্বাগত জানান।

বিএনপি নেতার আগমনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাও জোরদার করে পুলিশ।