এরকম ভয়ঙ্কর অবস্থা দেখেনি দেশবাসী: নোমান
নারায়ণগঞ্জে সাতজনকে হত্যাসহ গুম-খুনের ঘটনাগুলো তুলে ধরে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান বলেছেন, বাংলাদেশের মানুষ এই রকম ‘ভয়ঙ্কর’ অবস্থা আগে কখনো দেখেনি।
এই ধরনের ঘটনার পেছনে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন তিনি। তার সন্দেহ, দেশে জরুরি অবস্থার ‘পাঁয়তারা’ চলছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান ৬ মে নিউ ইয়র্ক পৌঁছান। তিনি উঠেছেন ব্রুকলিনে চট্টগ্রাম সমিতির সাবেক নেতা এম এ শুক্কুরের বাসায়।
ব্যক্তিগত এই সফরে নিউ ইয়র্ক ও মিশিগানে স্বজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকের কাছেও যাবেন বলে জানান তিনি।
বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাইলে এই রাজনীতিক বলেন, “দেশে জরুরি অবস্থা জারির সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অপহরণ, গুম এবং নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে মনে হয়।
“এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি আর কখনো দেখেনি বাংলাদেশের মানুষ। এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না।এ ধরনের কাজে সরকারের মদদ থাকতে পারে বলেও সুধীজনের ধারণা।”
বিএনপি অভিযোগ করে আসছে,গত এক বছরে তাদের ৩১০ জন নেতা-কর্মী গুম অথবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, গুম বলে কিছু নেই।
নোমান বলেন, “৫ জানুয়ারি একতরফা সাজানো নির্বাচনে সরকার গঠনের পর উপজেলা নির্বাচনে সরকার অনুধাবন করেছে, তার পায়ের নিচে মাটি নেই। এর পরই গুম-হত্যাসহ নৃশংসতায় লিপ্ত হয়েছে তারা।
“এর মধ্য দিয়ে সরকার তৃতীয় কোনো শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে বলে কেউ মনে করলে তা দোষের হবে না।”
অভিযোগ করলেও বিএনপির সরব প্রতিবাদ দেখা যাচ্ছে না বলে অভিযোগের প্রতিক্রিয়ায় দলের ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “আমরা দল গোছাচ্ছি এবং সরকারের অপশাসনের বিরুদ্ধে দেশব্যাপী সৃষ্ট ক্ষোভকেও দুর্বার আন্দোলনে রূপ দেয়ার পথে রয়েছি।”
